ফিরিয়ে আনার পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে বন্দী ১৫৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ১০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ইমরানকে (দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ান পররাষ্ট্র উইং) বিষয়টি জানাতে নির্দেশ দেন।কারাগারে আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম মামলা পরিচালনা করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগার, সাজা শেষ হলেও দেশে ফিরতে পারছেন না ১৫৬ বাংলাদেশি বন্দী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংযুক্ত করে রিটটি করা হয়।জানা যায়, এক বছর আগে এসব বন্দীর সাজার মেয়াদ শেষ হয়। ১৫৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ১ মার্চ তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেন আদালত। রুল শুনানির অপেক্ষায় রয়েছে। এ পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার মহাপরিচালককে বিবাদী করে এ বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করেন রিট আবেদনকারী পক্ষ। এর ওপর শুনানি নিয়ে আদালত গতকাল আদেশ দেন।আমাদের কলকাতা প্রতিনিধি জানান, সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা ১৫৬ বাংলাদেশি বন্দী এরই মধ্যে দেশে ফিরে গেছেন। এ ব্যাপারে গতকাল কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, গত জুন থেকে বাংলাদেশ সরকার বহরমপুর কারাগারে বন্দীদের মধ্যে ১৯৮ জনের নাগরিকত্ব যাচাই করে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়। এরই মধ্যে ওই বন্দীদের অধিকাংশই বাংলাদেশে ফিরে গেছেন।বহরমপুর কারাগারের এক কর্মকর্তা রাতে প্রথম আলোকে বলেন, ওই ১৫৬ বন্দীর সবাই বিভিন্ন তারিখে বাংলাদেশে ফিরে গেছেন। মঙ্গলবারও ১৬ জন বন্দী বাংলাদেশে ফিরে গেছেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী বলেন, ‘বন্দীদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি। তবে আমরা ১৫৯ জন বাংলাদেশিকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম।’