চট্টগ্রামের সাতকানিয়া থেকে চুরি যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা ফিরিয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা নেওয়ার সময় নুরুল কাদের নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, গত বুধবার সাতকানিয়া উপজেলা সদর থেকে মিজানুর রহমানের সিএনজিচালিত একটি অটোরিকশা চুরি হয়। পরে অটোরিকশায় উল্লেখ থাকা মালিকের ফোন নম্বরে ফোন করে অটোরিকশাটি ফিরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য জায়গা নির্ধারিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাকাসহ সেখানে গিয়ে ফোন করলে অপর প্রান্ত থেকে তাঁকে পাশের পাহাড়ের দিকে যেতে বলা হয়। এতে তিনি ভয় পেয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জহিরুল ইসলামকে ঘটনাটি জানান। পরে জহিরুলের সঙ্গে মিজান টাকা নিয়ে ওই পাহাড়ে যান। হাসপাতালে কর্তব্যরত পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নেন। পাহাড়ে উঠে মিজান টাকা দেখালে নুরুল কাছে আসেন। এ সময় জহিরুল তাঁকে জাপটে ধরেন। নুরুলকে নগরের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।