ফিরে আসছে ঐতিহ্যবাহী পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামবাংলার ঐতিহ্য নকশিকাঁথায় নকশা আঁকতে ব্যস্ত জামালপুর সদরের কালাবহ গ্রামের নারীরা। গত বুধবার তোলা ছবি l জগলুল পাশা
গ্রামবাংলার ঐতিহ্য নকশিকাঁথায় নকশা আঁকতে ব্যস্ত জামালপুর সদরের কালাবহ গ্রামের নারীরা। গত বুধবার তোলা ছবি l জগলুল পাশা

নতুন প্রযুক্তি আর বাণিজ্যিক প্রতিযোগিতার চাপে বাংলার চিয়ারত কারুশিল্পীদের হাতের ছোঁয়া লাগা অনেক পণ্যের প্রচলন ক্ষীণ হয়ে এসেছে। তবে বিপরীত স্রোতে কয়েকটি ঐতিহ্যবাহী পণ্য ফিরে আসছে নতুন রূপে। মাটির তৈজস, শীতলপাটি কিংবা নকশিকাঁথার ঐতিহ্যবাহী সম্ভার এখন শৌখিন অভিজাত পণ্য হিসেবে ফিরে আসতে শুরু করেছে শহুরে উচ্চ ও মধ্যবিত্তের ঘরে।
এসব পণ্যকে কেন্দ্র করে গড়ে উঠছে বিশেষায়িত দোকানপাট। এমনকি ফুটপাতেও এসব পণ্যের সম্ভার দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহ্যের দিকে ফিরে তাকানোর প্রবণতাই এই উল্টো স্রোতের কারণ।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, শিক্ষিত মধ্যবিত্ত সব সময় তার শিকড়ের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে যোগ রাখার চেষ্টা করে। সে কারণে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের লোকজ, ধর্মীয় এবং নিত্যব্যবহার্য সামগ্রীর কিছুটা রূপান্তরিত ব্যবহার শহরাঞ্চলেও দেখা যায়। এতে সংস্কৃতির বিস্তার ঘটে। এই সংস্কৃতি বহুলাংশে ‘পপুলার কালচারে’ পরিণত হয়।
গত মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অভিজাত বিপণিবিতান আড়ংয়ের বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, তৃতীয় তলার একটি অংশ শুধু মাটির তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো। একটি অংশে মাটির থালাবাসন-শানকি, ডালের বাটি ইত্যাদি। ক্রেতারা বললেন, অতিথি এলে মাটির এসব থালাবাসন তাঁরা খাবার টেবিলে ব্যবহার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীতে দোয়েল চত্বরের এক কোণে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। তিন নেতার মাজার থেকে শুরু করে শিশু একাডেমী পর্যন্ত সারি সারি এসব দোকানে পাওয়া যায় বাহারি সব মাটির পণ্য।
দোয়েল চত্বরের রিপন মৃৎশিল্পের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, এখন অনেকেই মাটির জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। প্রথম দিকে এখানে অল্প কয়েকটি দোকান ছিল। চাহিদা ও বাজার তৈরি হওয়ায় দোকানের সংখ্যা বেড়েছে। মাটির এসব পণ্যের অধিকাংশই তৈরি হয় পটুয়াখালী, শরীয়তপুর, ফরিদপুর ও সাভার এলাকায়।
প্রচলিত মৃৎসামগ্রীর চাহিদা কমে যাওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পালপাড়ার অনেকেই পেশা বদল করেছিলেন। বর্তমানে পালপাড়ায় ২০টি পরিবার শৌখিন মৃৎসামগ্রী তৈরি করছেন। কারিগর রয়েছেন পাঁচ শতাধিক।
পালদের সঙ্গে কথা বলে জানা যায়, মাটির তৈরি ডিনার সেটের ব্যাপক চাহিদা রয়েছে। ডিনার সেটে থাকছে প্লেট, গ্লাস, মগ, তরকারির বাটি, জগ, লবণ বাটি, সানকি, কাপ-পিরিচ। নতুন ডিজাইনে তৈরি করা আধুনিক স্যুপ সেট, মাটির প্লেট এবং ফল প্লেটেরও চাহিদা রয়েছে।
গ্রামবাংলার আরেক ঐতিহ্য নকশিকাঁথার চাহিদা এখন শহুরে অভিজাতদের শোবার ঘরে। দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশেও সমাদৃত হচ্ছে বাংলার নকশিকাঁথা।
দেশের বেশ কয়েকটি অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে নকশিকাঁথা তৈরি হয়ে থাকে। গ্রামীণ নারীদের দিয়ে নকশিকাঁথার কাজ করিয়ে থাকে আয়েশা আবেদ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ঝিনাইদহ শাখায় কথা বলে জানা যায়, নকশিকাঁথার চাহিদা দিন দিন বাড়ছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর কেন্দ্রের তদারককারী মমতাজ বেগম বলেন, নকশিকাঁথার চাহিদা বাড়ায় সেলাইয়ের কাজে দিন দিন নারীর অংশগ্রহণ বাড়ছে।