
নতুন প্রযুক্তির স্রোতে পুরোনো প্রযুক্তি হারিয়ে যায়। গান শোনার ক্ষেত্রে কম্প্যাক্ট ডিস্ক বা সিডিও বিদায় নেওয়ার পথে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, গ্রামোফোন রেকর্ড নামের পুরোনো একটি প্রযুক্তি ফিরে আসছে। সংগীতে স্ফটিকের মতো স্বচ্ছ শব্দের অনুসন্ধানীরা ১২ ইঞ্চি মাপের গ্রামোফোন রেকর্ড বা লংপ্লের (এলপি) দ্বারস্থ হতে শুরু করেছেন। এ চিত্র বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্বে। তবে কি ফিরে আসছে কলের গান?
দুই বছর আগেও ঢাকা, কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ের ফুটপাতে এলপি বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা দরে। সেই চিত্র এখন আর নেই। এলপি ফুটপাত ছেড়ে অডিও দোকানের তাকে আবার উঠে এসেছে। পুরোনো এলপি বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা দরে। সেই সঙ্গে নতুন নতুন এলপি বাজারে আসছে।
আশির দশকের শুরুর দিকে সিডি আসার পর এলপির ব্যবহার কমতে থাকে। ’৯৫ সালের পর এলপির স্থান হয়ে যায় জাদুঘরে। বন্ধ হয়ে গিয়েছিল এর উৎপাদন।
পুরোনোর দিকে সংগীতরসিকদের এই ঝোঁক দেখে অডিও নির্মাতা প্রতিষ্ঠান এইচএমভি (হিজ মাস্টার্স ভয়েস), ইউনিভার্সাল, সনি মিউজিক ও সারেগামা ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো নতুন করে এলপি বাজারজাত করতে শুরু করেছে। দাম হাজার টাকা থেকে চার হাজার পর্যন্ত। বিক্রির উল্লম্ফনটাও বিস্ময়কর। স্ট্যাটিসটিকার (বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান) তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সারা বিশ্বে ৩ কোটি ২৫ লাখ এলপি বিক্রি হয়েছে, যা গত ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ ২০০৬ সালে বিক্রি ছিল ৩১ লাখ। আরও বিস্ময়কর ব্যাপার হলো, এলপি সংগ্রাহকদের বেশির ভাগের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ এর মধ্যে।
অন্যদিকে সিডির বিক্রি ধীরে ধীরে কমছে। গত বছর বিক্রি কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। তবে এখনো অডিও বাজারের ৬৬ শতাংশ সিডির আয়ত্তে। আগামী বছরগুলোতে সিডির বাজার আরও কমবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করছে।
ঢাকার বাজারে খোঁজ নিয়ে জানা যায়, শুধু ঢাকাতেই তিন হাজারের বেশি পুরোনো এলপি হাতবদল হয়েছে। ঢাকায় এলপির আমদানিকারক প্রতিষ্ঠান গানের ডালিতে গত দুই সপ্তাহে বিক্রি হয়েছে চার শতাধিক এলপি। গানের ডালির স্বত্বাধিকারী এস এস মানিক প্রথম আলোকে বলেন, সিডির স্থায়িত্ব কম। অন্যদিকে একটি এলপি দীর্ঘদিনেও নষ্ট হয় না। সে জন্য অনেকেই সিডি মাধ্যম ছেড়ে এলপিতে চলে যাচ্ছেন।
পেশায় ব্যবসায়ী কামাল হোসেন থাকেন রাজধানীর আঁটিবাজারে। তিনি দীর্ঘদিন সিডিতে গান শুনেছেন। কিন্তু এক বছর ধরে তিনি গান শোনেন টার্নটেবিলে অর্থাৎ গ্রামোফোন যন্ত্রে। সে জন্য এলপি সংগ্রহ করতে শুরু করেছেন। রফিক আহমেদ থাকেন ইব্রাহীমপুরে। তাঁর সংগ্রহে আছে ৮-১০ হাজার রেকর্ড। এই দুজন বলেন, সিডির শব্দের মান অনেকটাই কৃত্রিম, যা সাধারণ শ্রোতাদের সহজে আকৃষ্ট করে। অন্যদিকে এলপির শব্দে বাড়তি কোনো প্রলেপ নেই। এর মিষ্টি আওয়াজ কানে কোনো ধরনের বিরক্তিও উৎপাদন করে না।
ঢাকায় গ্রামোফোন যন্ত্র বিক্রির একটি জায়গা গুলশান-১ নম্বর মার্কেট। সেখানে ‘নয়েজ’ নামে একটি দোকানের মালিক সাইদুর রহিম জানান, ২০১৫ সালে সারা বছর গ্রামোফোন যন্ত্র বিক্রি হয়েছিল ৮ থেকে ১০টির মতো। এ বছর এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৩০টির বেশি। ওরিয়েন্ট নামে আরেকটি দোকান থেকে বিক্রি হয়েছে ৮-১০টির মতো। এগুলোর দাম মানভেদে ৩০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত।
বিক্রেতাদের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে গ্রামোফোন যন্ত্রে গান শোনার লোকের সংখ্যা এখন তিন শতাধিক হবে। ধীরে হলেও এ সংখ্যা বাড়ছে।