ফিরে আসছে লুপ্ত ধান

বিলুপ্তপ্রায় বেশ কিছু ধানের চাষ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামের কৃষকেরা চলতি মৌসুমের জুলাইয়ে পরীক্ষামূলকভাবে ৩৩ জাতের সুগন্ধি চিকন ধান লাগিয়েছেন। খরাসহিষ্ণু ও স্বল্প খরচে পরিবেশবান্ধব এসব ধান লাগিয়ে ইতিমধ্যে আশাব্যঞ্জক ফল পেয়েছেন তাঁরা।
বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) সূত্রে জানা যায়, বউসোহাগী, তুলসীমালা, নীলকণ্ঠ, বাঁশফুল, বাদশাভোগ, জেসমিন, অহনা, আরপারিনা, পিঁপড়াচোখ ইত্যাদি নামের সুগন্ধি মিহি ধান আছে। এসব ধানের গুণ হলো, এর চাল চিকন হয়; রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন ও সেচ কম লাগে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, এসব ধানের অধিকাংশই বিলুপ্তপ্রায়। পুরোনো এই জাতগুলো ফিরে এলে জীববৈচিত্র্যের ক্ষেত্রেও এটি হবে বেশ গুরুত্বপূর্ণ।
পরীক্ষামূলক চাষের সঙ্গে জড়িত আনিসুর রহমান ও হাসান আলী জানান, পরিবেশ ও রাসায়নিকমুক্ত কৃষি নিয়ে এলাকায় কর্মরত বেসরকারি সংস্থা বারসিকের সহায়তায় রাজশাহীর তানোর উপজেলার লুপ্ত ধানের রক্ষক ইউসুফ মোল্লা, নেত্রকোনা ও সাতক্ষীরা থেকে ৩৩ জাতের ধানের বীজ সংগ্রহ করা হয়। এর মধ্যে ইউসুফ মোল্লার কাছ থেকে গাঞ্জোর, বাদশাভোগ, রানারগোল্ডসহ ছয়টি জাতের ধানের বীজ সংগ্রহ করা হয়। এরপর বরেন্দ্রা গ্রামের কৃষকেরা গত জুন মাসে সভা করে তাঁদের দুজনকে এসব ধানের পরীক্ষামূলক চাষের মূল দায়িত্ব দেন। গ্রামের অন্যান্য কৃষকের সহায়তায় তাঁরা ৬৪ বর্গফুট করে ৩৩টি প্লটে এসব ধানের আবাদ করেন।
জুলাই মাসে লাগানো জেসমিন ও গঞ্জারি জাতের ধান কাটা ইতিমধ্যে হয়ে গেছে। এগুলোর আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে। এসব ধান চাষ করা হয়েছে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই।
বরেন্দ্রা গ্রামের কৃষকেরা জানান, এই এলাকায় অল্প ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে কৃষিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এমনকি বৃষ্টিনির্ভর আমন ধানের চাষাবাদও এখন সেচনির্ভর। ফলে উৎপাদন ব্যয় বেড়েছে। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশই নিচে নামছে। এসব বিবেচনায় খরাসহিষ্ণু, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া চাষাবাদ করা যায়—এমন ধানের কথা ভাবতে গিয়ে এবারের আমন মৌসুমে লাগানোর জন্য এসব সুগন্ধি ধান সংগ্রহ করা হয়েছে।