ফিরে আসা অভিবাসীদের অর্ধেক স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশি অভিবাসীদের অর্ধেক ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন। এর ২১ শতাংশ পেশাগত এবং ১৩ দশমিক ৭ শতাংশ মানসিক অসুস্থতার জন্য। ৪৯ শতাংশ অভিবাসীর বিদেশে স্বাস্থ্যসেবা পাওয়া সহজসাধ্য হয়নি। ফিরে আসা অভিবাসীদের ৯৭ শতাংশ বলেছে, বিদেশে স্বাস্থ্য সরঞ্জামগুলো বাংলা ভাষায় লিখিত না হওয়ায় তাঁদের বুঝতে কষ্ট হয়েছিল।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার শুরু হওয়া ‘অভিবাসন ও স্বাস্থ্য’বিষয়ক আঞ্চলিক পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সমন্বিতভাবে এ পরামর্শ সভার আয়োজন করে।
মূলত ‘বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের অভিবাসীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ভিত্তিক সমীক্ষার ফলাফল উপস্থাপনের জন্য দুই দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সভায় জানানো হয়, ফলাফলে দেখা গেছে, অভিবাসীদের ৫০ শতাংশ দেশের কোথায় স্বাস্থ্যসেবা পাবেন, সে বিষয়ে সচেতন। অভিবাসীদের ২৮ শতাংশ মনে করেন, বিদেশে স্বাস্থ্যসেবা খুব সহজে পাওয়া যাবে। ফিরে আসা অভিবাসীদের ১৫ শতাংশ বিদেশে থাকার সময়ে স্বাস্থ্য সরঞ্জাম পেয়েছেন। দলগত আলোচনায় ফিরে আসা অভিবাসী বাংলায় লেখা সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
সভায় বলা হয়, বাংলাদেশি নারী অভিবাসীদের তুলনায় পুরুষ অভিবাসীদের কাজের ক্ষেত্রে ঝুঁকির অভিজ্ঞতা বেশি হয়েছে। যাঁরা ফিরে আসার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের মধ্যে এ পার্থক্য আরও বেশি (ফিরে আসা ১৯ শতাংশ নারী ও ২৫ শতাংশ পুরুষ এবং ফিরে আসার প্রক্রিয়ায় থাকা ৩ শতাংশ নারী ও ১৯ শতাংশ পুরুষ)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, টেকসই উন্নয়নের জন্য অভিবাসীদের সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাঁদের স্বাস্থ্যমান উন্নতিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদি আরবে শ্রমিক পাঠানোর সময় তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে। নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিশেষ নজর দেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সোয়াইন ফ্লু প্রতিরোধে সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশে পর্যাপ্ত প্রতিষেধক ও ওষুধ মজুত রয়েছে। প্রতিটি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইওএমের চিফ অব মিশন শরৎ দাস বলেন, অভিবাসন স্বাস্থ্য বিষয়ে জাতীয় পরিকল্পনার মূল উপাদান নির্ধারণে শুধু শ্রম অভিবাসী নয়, খণ্ডকালীন অভিবাসী, জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসীসহ সব ধরনের অভিবাসীদের স্বাস্থ্যগত বিষয়কে গুরুত্ব দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, প্রবাসীকল্যাণসচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এ পারানিথরন প্রমুখ।
সভার প্রথম দিনে গতকাল অভিবাসন ও স্বাস্থ্য বিষয়ে সক্ষমতা বাড়াতে যেসব পরামর্শ দেওয়া হয়, তার মধ্যে সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যক্তিদের দায়িত্ব বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা, যৌন হয়রানি ও উৎপীড়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, নিরাপদ কর্মক্ষেত্র, গ্রহণযোগ্য কর্মঘণ্টা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার অবকাঠামো বিনিয়োগ অব্যাহত রাখা, দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত করা অন্যতম।