
শুরু আর শেষটা ছিল আগের মতোই। মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ ৪২ বছর। সেদিনের কুশীলবদের অনেকে চলে গেছেন পৃথিবীর মায়া কাটিয়ে। আর নিউইয়র্কের ম্যাডিসন গার্ডেন স্কয়ারের পরিবেশের সঙ্গে বেঙ্গল ক্যাফের আয়োজনটির তুলনা চলে না। তবু শুরু আর শেষের মাঝের সময়টি জুড়ে যেন কিছুটা হলেও ফিরে এল সেদিনের সেই ভাবাবেগ।
পণ্ডিত রবিশঙ্করের সেতার, ওস্তাদ আলী আকবর খাঁর সরোদ, ওস্তাদ আল্লারাখা খানের তবলা ও কমলা চক্রবর্তীর তানপুরায় সেই বাংলাধুন বাদনটি দিয়েই শুরু হয়েছিল আয়োজন। ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে হরতালে মন্থর শহরে শীতের সন্ধ্যায় সমবেত হয়েছিলেন কবি, শিল্পী, সাহিত্যিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রকাশকসহ সমমনা কিছু মানুষ। ১৯৭১ সালে রক্তের আখরে রচিত হয়েছে বাঙালির যে চিরগৌরবগাথা, তাতে এক অনন্য অধ্যায় সংযোজিত হয়েছিল ‘নিউইয়র্কের কনসার্ট ফর বাংলাদেশ’। আয়োজনটি ছিল সেই কনসার্টকে নিয়ে প্রথম আলো ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রকাশিত টু ফ্রেন্ডস, ওয়ান কজ: রিমেমবারিং দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামের কফি-টেবিল বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।
বিশ্ববিশ্রুত সেতার সাধক পণ্ডিত রবিশঙ্কর ও তাঁর বন্ধু সংগীতশিল্পী বিটলসের জর্জ হ্যারিসনের উদ্যোগে মুক্তিযুদ্ধে আর্তমানবতার জন্য তহবিল সংগ্রহ এবং এই সংগ্রামের প্রতি বিশ্বজনমত গড়ে তেলার জন্য ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। বিশ্বে এটিই ছিল প্রথম কোনো জনকল্যাণের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত অনুষ্ঠান। বিজয় দিবসের প্রাক্কালে গতকাল রোববার সন্ধ্যায় এই প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিশঙ্কর-জর্জ হ্যারিসনসহ সেই কনসার্টে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সমবেত অতিথিদের স্বাগত জানান প্রথমা প্রকাশনের সমন্বয়কারী জাফর আহমেদ। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কীভাবে আয়োজিত হয়েছিল, কারা তাতে অংশ নিয়েছিলেন, কত অর্থ সংগ্রহ হয়েছিল, সেই টাকা দিয়ে ইউনেসকোতে যে তহবিল গঠন করা হয়েছে, এখনো দেশের পার্বত্য এলাকার শিশুদের জন্য সেই তহবিলের সহায়তা অব্যাহত রয়েছে—এসব বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে ধরেন।
মতিউর রহমান বলেন, গত ১৫ বছরে প্রথম আলোয় এই কনসার্ট নিয়ে নানা লেখা প্রকাশিত হয়েছে। ইচ্ছা ছিল ওই কনসার্টে অংশগ্রহণকারীদের বাংলাদেশে আমন্ত্রণ করে এনে বড় আকারের সংবর্ধনা দেওয়া। তা সম্ভব হয়নি। চেষ্টা করা হয়েছিল পণ্ডিত রবিশঙ্করকে সংবর্ধনা দেওয়ার। তিনি সম্মত হয়েছিলেন। সব আয়োজন সম্পন্ন হয়েছিল। নিমন্ত্রণপত্র পর্যন্ত ছাপানো হয়েছিল, ২০১১ সালে স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেননি। পরের বছরও চেষ্টা করা হয়েছিল তাঁকে আনার। ঢাকায় তিনি শেষ একটি অনুষ্ঠানে তাঁর বাদন পরিবেশনের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত তা আর পেরে ওঠেননি শরীর অসমর্থ হওয়ায়। এসব দুঃখ থেকেই তাঁদের প্রতি ঋণ শোধের একটি প্রক্রিয়া হিসেবে ওস্তাদ আল্লারাখা খানের ছেলে পণ্ডিত জাকির হোসেনকে ঢাকায় আমন্ত্রণ জানিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে পণ্ডিত আল্লারাখাকে সম্মান জানিয়ে স্মারক তুলে দেওয়া হয়েছিল ছেলে জাকির হোসেনের হাতে। এরই ধারাবাহিকতায় এবার ওই কনসার্ট নিয়ে এই কফি-টেবিল বইটি প্রকাশিত হলো।
অনুষ্ঠানে জোয়ান বায়েজের বিখ্যাত গান ‘বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ’ গেয়ে শোনান শিল্পী মাহমুদুজ্জামান বাবু। বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কথাশিল্পী সেলিনা হোসেন, বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ ও ইন্টার স্পিডের সাবেক কর্মকর্তা কৌশিক দে। আলোচকদের সঙ্গে বইটির মোড়ক উন্মোচনে আরও অংশ নেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, শিল্পী ওয়াকিলুর রহমান ও বাংলালিংকের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ।
বইটি সম্পাদনা করেছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। অঙ্গসজ্জায় শিল্পী ওয়াকিলুর রহমান। অফসেট কাগজে ৬৮ পৃষ্ঠার এই বইতে রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি, শরণার্থীদের ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিশ্বখ্যাত এই কনসার্টের মোট ৮০টির বেশি ছবি। জর্জ হ্যারিসনের হাতে লেখা ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটির ডায়েরির পাতা, কনসার্ট থেকে আয় হওয়া ২,৪৩,৪১৪.৫০ মার্কিন ডালার ইউনেসকোর তহবিলে দান করার রসিদসহ বিভিন্ন দুর্লভ ছবি। আর বিস্তারিত তথ্য তো রয়েছেই।