‘ই-পথ থাকি ফিইরা আইছি বইলাই ফেরিওয়ালার মতন ঘুরি। তাঁরারে (মাদকাসক্তদের) বোঝাই, ইচ্ছা থাকলে ফিরন যায়। এই দেখো, আমি ভালা অইতাম পারছি...!’—মাদকাসক্তি থেকে ফিরে আসা ইমতিয়াজুর রহমান ওরফে ইনু (২৫) নামের এক তরুণের কথা এগুলো। চার বছর আগে তিনি অন্ধকার জগর্যা থেকে ফেরেন। এর পর থেকে স্বাভাবিক জীবন যাপন করছেন। পাশাপাশি শিশু মাদকাসক্তদের (মূলত শ্রমজীবী) ফেরানোর চেষ্টায় সিলেট নগরের অলিগলিতে স্বেচ্ছায় কাজ করছেন। মাদকবিরোধী প্রচারণার তিনি এক নীরব কর্মী।ইনুর মাদকাসক্তি তাঁর জীবন থেকে যা কেড়ে নিয়েছে, অন্যদের বেলায় তা যেন আর না হয়, সে জন্য ‘ফেরিওয়ালা’ হয়ে লড়ছেন তিনি। ঘরে বসে ছিন্নমূল ছেলেদের প্রাথমিক শিক্ষার পাঠ নিজেই দেন ইনু। বর্তমানে মাঠকর্মী পদে একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন। মাঠে ঘুরে বেড়ানোর সুবাদে ইনু মাদকাসক্তদের খুঁজে বের করার সুযোগ পান। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চাকরি শেষে নেমে পড়েন নিজের কাজে। কেউ শুনুক আর না শুনুক, ইনু তিন বছর ধরে নগরের মাদকাসক্তদের এলাকা বলে পরিচিত পাড়ামহল্লায় তাঁর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।অন্ধকার কাহিনি: নগরের কুশিঘাট এলাকার বাসিন্দা ইনু। তিন ভাই, তিন বোনের মধ্যবিত্ত পরিবারে ইনু সবার ছোট। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় একদল বন্ধুর পাল্লায় পড়েন ইনু। বখাটে আখ্যা পেয়ে বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েন। পরে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি হন এবং সুস্থ জীবনে ফেরেন। ইনু বলেন, যে মাদক জীবনের সুন্দর ও স্বপ্নময় দিনগুলোকে বিষাক্ত করে তোলে, ওই মাদককে ‘না’ বলতে হবে। তিনি আরও বলেন, ‘নেশার টেখা জোগাড় করার লাগি ঘরের জিনিসপত্র লুকিয়ে বিক্রি করতাম। পরিবারও আমারে নিয়ে বড় অশান্তির মইধ্যে আছিল।’ফেরার চেষ্টায় ফেরা: ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ইনু। ঠিকানা হয় সিলেট রেলস্টেশন আর নগরের কিন ব্রিজের মুখ। ২০০৫ সালের শুরুর দিকে একদিন দুপুরে রেলস্টেশনে মাদকাসক্ত অবস্থায় বেসামাল হয়ে পড়েন। বেহুঁশ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। এ অবস্থায় বেসরকারি সংস্থা মেরিস্টোপের দুজন কর্মকর্তা ইনুকে উদ্ধার করেন। তাঁদের কাছে ইনু স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানান। মেরিস্টোপের তত্ত্বাবধানে রাজশাহীর একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয় ইনুকে। একটানা তিন মাস চিকির্যাসার পর ফিরে এসে আরও ছয় মাস তাঁদের পর্যবেক্ষণে থাকেন। পর্যবেক্ষণকালে তাঁকে মেরিস্টোপের মাঠকর্মী পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়। ওই বছরের ১ ডিসেম্বর ইনু নেশা থেকে পুরোপুরি মুক্ত হন। স্বাভাবিক জীবনে ফিরেছেন দেখে কেয়ার-বাংলাদেশ এইচআইভি প্রকল্পে মাঠকর্মী পদে চাকরি দেওয়া হয় তাঁকে। তখন পরিবারের সদস্যরা তাঁকে বরণ করে নেয়।ইনু জানান, নিম্নমধ্যবিত্ত পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হলে পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় আর ফেরা হয় না। তাঁর ক্ষেত্রে একটি কর্মসংস্থান সুস্থ জীবনে ফেরার পথে প্রেরণা হয়ে উঠেছিল।ইনুর মা জায়েদা বেগম জানান, পরিবারের ছোট ছেলের এমন দশায় তাঁরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সেই ছেলে এখন ফিরে এসে রোজগার করছে, সংসার খরচ দিচ্ছে, একজন মা হিসেবে এর চেয়ে আনন্দ ও প্রাপ্তির আর কিছুই নেই।ফেরিওয়ালা: বর্তমানে ইনু সিলেটে সীমান্তিক নামের একটি বেসরকারি সংস্থার এইচআইভি প্রকল্পের মাঠকর্মী পদে চাকরি করছেন। মাদকবিরোধী প্রচারকাজের জন্য নিজ বসতঘরে একটি ‘তথ্যকেন্দ্র’ গড়ে তুলেছেন। সেখানে নগরের চিহ্নিত মাদক এলাকা, নতুন করে আসক্তদের সংখ্যা জানা এবং তাদের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতিগুলো রুটিন করে সাজিয়েছেন। তথ্যকেন্দ্রে শোভা পাচ্ছে ইনুর হাতে তৈরি সিলেটের ঐতিহ্যবাহী ‘আলী আমজদের ঘড়িঘর, কিন ব্রিজ, দরগাহ’সহ বিভিন্ন স্থাপনার কারুকার্য। সেগুলো দেখিয়ে কুশিঘাট এলাকার সুবিধাবঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ায় আগ্রহী করে তোলেন তিনি। সপ্তাহে তিন দিন বিকেলে শিশুদের পড়াতে বসেন। এই শিক্ষা কার্যক্রমের নাম দিয়েছেন ‘ইনুর ইশকুল’। পাশাপাশি তাঁর ফেরিওয়ালা কর্মযজ্ঞ চলে কৌশলে।চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি এ কর্মযজ্ঞে কর্মস্থলের কর্তৃপক্ষও ইনুর ওপর সন্তুষ্ট। সীমান্তিকের কর্মসূচি সংগঠক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন এলাকা ঘুরে তাঁর কাজকর্ম আমাদের সংস্থার মাঠের কাজের জন্য সহায়ক হয়ে উঠেছে। চাকরির দায়িত্ব পালনে তাঁর কোনো ঘাপলা নেই। এ জন্য আমরা সবাই তাঁকে স্নেহের নজরে দেখি।’