স্থান সংকুলান না হওয়ায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রায় ৫০ হাজার মুসল্লি এবার ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি। একই কারণে কমপক্ষে ৫০ হাজার মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। এ অবস্থায় মাঠের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।স্থানীয় সূত্রে জানা যায়, শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৮৩তম ঈদুল ফিতরের জামাত ছিল স্মরণকালের সর্ববৃহৎ। ১১ সেপ্টেম্বর সকাল থেকে দেশের দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামে শোলাকিয়া মাঠে। সকাল পৌনে নয়টার মধ্যে মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠে জায়গা না থাকায় বাসা-বাড়ি, বিভিন্ন সড়ক, আশপাশের এলাকায় মুসল্লিরা জামাতের জন্য অবস্থান নেন। সকাল ১০টায় জামাত শুরুর ১০, ৫ ও ৩ মিনিট আগে শর্টগানের ফাঁকা আওয়াজ করে সংকেত দেওয়া হয়। জামাতে ইমামতি করেন ময়দানের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এবারের জামাতে সাড়ে তিন লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন মাঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। তবে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ পড়তে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। মাঠ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক জানান, ৫০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেননি।মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন কিশোরগঞ্জ শহরের কলাপাড়ার আবদুর রহমান (৪২)। তিনি বলেন, ‘সাড়ে নয়টায় এসে দেখি মাঠ ভরে চারপাশ একাকার হয়ে গেছে। বাধ্য হয়ে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে হলো।’ তিনি মাঠ সম্প্রসারণের দাবি জানান।ঈদের জামাত ঘিরে তিন শতাধিক পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, ২ সেপ্টেম্বর থেকে মাঠে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়ে সারা মাঠ সুইপিং করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা নেওয়ায় মুসল্লিরা নির্বিঘ্নে মাঠে প্রবেশ ও বের হতে পেরেছেন।১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লির সমাগম ঘটেছিল। সোয়া লাখ থেকেই এ মাঠের নাম শোলাকিয়া হয়েছে। দিন দিন এর প্রচারণা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই মুসল্লিদের সমাগম বাড়ছে। মাঠ সম্প্রসারণে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।