ফিরে গেলেন তাঁরা ২৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিতভাবে নিয়োগ পেয়ে যোগদান করতে এসে ফিরে যাওয়া ২৩ কর্মচারী গত মঙ্গলবার দিনাজপুর বোর্ডে আবার যোগদান করতে এলেও কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করেননি। এসব কর্মচারীর দাবি, তাঁদের যোগদানের ব্যাপারে উচ্চতর আদালতের দিকনির্দেশনামূলক আদেশ রয়েছে। বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আদালত থেকে এ ধরনের কোনো আদেশ বোর্ডে আসেনি।দিনাজপুর বোর্ডে কর্মরত কর্মচারীরা জানান, দিনাজপুর বোর্ড প্রতিষ্ঠার চার বছর হয়েছে। ১৩ জন কর্মকর্তা বিভিন্ন সরকারি কলেজ থেকে ডেপুটেশনে বিভিন্ন পদে বোর্ডে দায়িত্ব পালন করছেন। বোর্ড প্রতিষ্ঠার পর ১০৯ জন কর্মচারীকে দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আজও তাঁদের চাকরি স্থায়ীকরণ হয়নি। এর মধ্যে বোর্ডের সাবেক চেয়ারম্যান তসলিমা আকতার বানু মন্ত্রী ও সাংসদদের দোহাই দিয়ে মোটা টাকার বিনিময়ে নতুন করে ২৩ জন কর্মচারীকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন। তিনি গত বছরের ২৯ জুলাই ওই ২৩ জনকে নিয়ে বোর্ডে ঢোকার চেষ্টা করলেও চাকরি স্থায়ী না হওয়া কর্মচারীদের প্রতিবাদের মুখে ঢুকতে পারেননি।বোর্ডের সচিব মো. আবদুল মজিদ এবং উপসচিব মো. আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোর কাছে ২৩ কর্মচারীর নিয়োগের বিষয়ে কিছু জানতেন না বলে জানান। বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির অভিযোগ করেন, ২৩ জনকে নিয়োগের বিনিময়ে সাবেক চেয়ারম্যান তসলিমা আকতার ২৫ লাখ টাকা নিয়েছেন।তবে বোর্ডের চেয়ারম্যান তসলিমা আকতার গত বছরের ২৯ জুলাই প্রথম আলোর কাছে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, মন্ত্রী ও সাংসদদের চাপে নতুন করে ২৩ জনকে নিয়োগ দিতে বাধ্য হয়েছেন।ওই সময় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম এ ধরনের নিয়োগে সুপারিশের কথা অস্বীকার করেছিলেন।বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মজিদ জানান, ২৩ জন কর্মচারী এ বোর্ডে যোগদান করেননি। হাজিরা খাতায় নাম নেই। চাকরি করার প্রশ্নই আসে না। বোর্ডে কোনো রেকর্ডও নেই। উচ্চতর আদালত থেকে কোনো আদেশও বোর্ডে আসেনি। এ ধরনের কোনো আদেশ এলে নতুন চেয়ারম্যান হিসেবে কেউ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ২৩ জনকে অপেক্ষা করতে বলেছেন।