ফিরে দেখা: বন্যা, ঢল আর ধসের বছর

পাহাড়ধস আর বন্যার আকস্মিকতায় বিহ্বল বছর কেটেছে এবার। এগুলো ছাড়াও অপ্রত্যাশিত রোগবালাইয়ের প্রাদুর্ভাব আর বজ্রপাতে প্রাণহানি ঘটেছে। প্রবল বর্ষণে বড় শহরগুলোর জলাবদ্ধতা পর্যুদস্ত করেছে জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি এবং এগুলো মুহুর্মুহু ঘটতে থাকাকে পরিবেশবিদেরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতিফলন হিসেবে দেখছেন।
ভূমিকম্প
বছরের শুরুতেই সাড়ে নয় ঘণ্টার ব্যবধানে দুটো বড় ধরনের ঝাঁকুনি জানুয়ারির ৩ আর ৪ তারিখ সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। ৫.১ মাত্রার কম্পনটা হয় ৪ জানুয়ারি রাতে। আতঙ্কে দুএকজনের মৃত্যু হলেও ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এরপর এপ্রিলের ২৯ তারিখ আর সর্বশেষ নভেম্বরের ৮ তারিখে আরও দুটো ভূকম্পন ঢাকাসহ সিলেট, চট্টগ্রামে নাড়া দেয়। এগুলো ছিল যথাক্রমে ৪.১ আর ৪.৭ মাত্রার ভূমিকম্প।
পাহাড়ি ঢলে বন্যা
মে মাসের নির্ধারিত পাহাড়ি ঢল চলে আসে মার্চে। তাতেই ঘটে মহাবিপর্যয়। হাওরে এত বড় বিপর্যয় আগে কখনো ঘটেনি। এর আগেও ঢল এগিয়ে এসেছে। কোথাও চাষি তাঁর ফসল বাঁচাতে পেরেছেন, কোথাও পারেননি। কিন্তু সব হাওর একসঙ্গে এ রকম ‘নিদানে’ পড়েনি কখনো। সুনামগঞ্জের ১৪২টি হাওরের একটিরও ফসল এবার বাঁচানো সম্ভব হয়নি। নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ আর সিলেটেও কম-বেশি একই ঘটনা ঘটে। এই ঝটিকা বন্যায় মাঠঘাট তলিয়ে যায়। হাওরের মানুষের বিকল্প জীবিকার পথও রুদ্ধ হয়ে যায়। হাজার হাজার হাঁস আর টনকে টন মা মাছ মারা যায়।

পাহাড়ধস
হাওরের বন্যা আর আগাম বর্ষা নিয়ে সারা দেশের কৃষক যখন হিমশিম খাচ্ছেন, তখন পাহাড়ে নেমে আসে আরেক বিপর্যয়। এক রাঙামাটিতে ২৪২ কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি সড়কের ১৪৫টি স্থানে বড় ধরনের ধস নামে। অনেক স্থানে ধসের কারণে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু রাঙামাটিতেই ১২০ জনের মৃত্যু ঘটে। রাঙামাটি ছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় একের পর এক পাহাড়ধসে মাটিচাপা পড়ে মারা যায় ১৫৮ জন। এর আগেও পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটলেও একসঙ্গে এত প্রাণহানি এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে।
সড়ক ধসে যাওয়ায় রাঙামাটির সঙ্গে দেশের সরাসরি যোগাযোগের কোনো পথ আর খোলা ছিল না। ১১ জুন (২০১৭) সন্ধ্যা ৬টা থেকে ১২ জুন (২০১৭) ২৪ ঘণ্টায় প্রায় ৩৬৫ মিলিমিটার বৃষ্টি হয়। এর আগে এ রকম বৃষ্টির কোনো রেকর্ড ছিল না। তবে টানা বৃষ্টির ইতিহাস রাঙামাটিতে অজানা ছিল না। ৩৬৫ মিলিমিটার না হলেও সর্বোচ্চ ৩৫২ মিলিমিটারের রেকর্ড ছিল (১৯৬০, ২১ জুলাই)।
ভারী বৃষ্টিতে পার্বত্য জেলাগুলোতে প্রাণহানি আর যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি যে আগে হয়নি তা বলা যাবে না। তবে সেসব ক্ষয়ক্ষতি কোনো বিবেচনায়ই ২০১৭-এর কাছাকাছি ছিল না। আগের ধসগুলোতে সাধারণত নতুন বসতিতে ক্ষয়ক্ষতি বেশি হতো। পাহাড়িদের ক্ষয়ক্ষতি আর জীবনহানি ঘটত তুলনামূলকভাবে অনেক কম। ২০১৭ মে দৃশ্যপট বদলে যায়। নয়া বসতির পাশাপাশি পাহাড়ি বসতিগুলোও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পাহাড়কে সমতল বিবেচনা করে অপরিকল্পিত ঘরবাড়ি, ইমারত, চাষাবাস এটার মুখ্য করণ। পাহাড়ের আদি আর প্রকৃতিগতভবে খাপ খাইয়ে চলা কৃষির বদলে নানা অর্থকরী ফসল আর বৃক্ষের আবাদ পাহাড়কে দুর্বল করে তুলেছে।
উত্তরের বন্যা
পাহাড়ধসের রেশ কাটতে না কাটতেই আগস্ট মাসে দেশ এক অভূতপূর্ব বন্যার মুখোমুখি হয়। উত্তরের যেসব জনপদ কখনোই বন্যার মুখোমুখি হয়নি, সেসব অঞ্চল হঠাৎ বন্যায় ভেসে যায়। শতবর্ষের মাটির ঘরবাড়ি হারিয়ে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। বন্যায় মানুষের মৃত্যুর ঘটনা বিরল হলেও মোট ১৫০ জন এই বন্যায় প্রাণ হারায়। প্রথম ৭-৮ দিনেই ১০১ জনের প্রাণ যায়, যার মধ্যে ৫৯টি শিশু ছিল। শেষ পর্যন্ত উত্তরের এই বন্যা দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়লে মোট ৩২টি জেলার ২০৮টি উপজেলা প্লাবিত হয়।
রোগবালাই-চিকুনগুনিয়া
আগুন, ভূমিকম্প, হাওরের বিপর্যয়, পাহাড়ধস, উত্তরবঙ্গের অভূতপূর্ব বন্যার ধকলে যখন বাংলাদেশ জেরবার তখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আসে এ অঞ্চলে নতুন দেখা দেওয়া এক রোগ চিকুনগুনিয়া। যে মশা ডেঙ্গু ছড়ায় সেই একই এডিস মশা চিকুনগুনিয়ার মারাত্মক বাহক হয়ে দাঁড়ায়। প্রাথমিকভাবে ঢাকা শহরে এই অসুখটি কেন্দ্রীভূত থাকলেও ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছাড়লে রোগটি ছড়িয়ে পড়ে সারা দেশে। শেষ পর্যন্ত কত মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে তার কোনো সঠিক হিসাব কারও কাছে নেই। অসমর্থিত হিসাবে শুধু ঢাকা শহরেই ১৩ লাখ ৬৭ হাজারের মতো লোক এ রোগে আক্রান্ত হয়।
সাইক্লোন
নয়টি লঘু আর নিম্নচাপের সতর্কবাণী উচ্চারিত হলেও ২০১৭ তেমন কোনো প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানেনি উপকূলে। মৌসুমি বায়ুপ্রবাহের আগমন আর গমনের কালে এ ধরনের ঝড়-বৃষ্টি খুবই স্বাভাবিক বিষয়। তারপরও ঘূর্ণিঝড় মোরাকে অনেকেই সাইক্লোন ব্যবস্থাপনায় আমাদের উন্নতির প্রতীক হিসেবে দেখাতে আগ্রহী। এ ধরনের আত্মতুষ্টি আমাদের বড় বিপর্যয়ের মুখেই ঠেলে দেবে। এসব ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
বজ্রপাত
গোদের ওপর বিষফোড়ার মতো সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।
২০১৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতে ১৭০ জনের প্রাণহানি ঘটে। একই দিনে (৯ মে) নিহত হয় ১৬ জন। আর ২৩ সেপ্টেম্বর শুধু দিনাজপুরেই মারা যায় আটজন। সরকার ভবিষ্যতে বজ্রপাতে প্রাণহানি নিরসনের জন্য তালগাছ লাগানোর কর্মসূচি নিয়েছে। দুর্যোগের সঙ্গে বসবাসের আমাদের হাজার বছরের ঐতিহ্য আর সক্ষমতা আছে। নতুন নতুন প্রযুক্তি আর মানুষের জ্ঞানকে ব্যবহার করে এই সক্ষমতাকে আরও বেগবান করা প্রয়োজন। বন্যা রক্ষার বাঁধ যেন মানুষ রক্ষণাবেক্ষণ করতে পারে। ইঁদুর যেন বাঁধ ভেঙে না দেয় সেদিকে আমাদের মনোযোগী হতে হবে।