ফিরে ফিরে আসে পানকৌড়ি
সূর্য যখন পশ্চিম দিকে হেলতে শুরু করে, সোনালি আভায় মাথা উঁচু করে দাঁড়ানো শিমুলগাছটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। সেই আলো গাছের মগডাল ও সবুজ পাতার আড়ালে থাকা পানকৌড়িগুলোকে আরও স্পষ্ট করে তোলে। একটি গাছে একসঙ্গে এত পাখি দেখে আকৃষ্ট হন পথচারীরা।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রানীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কে কুলিক নদের পাশে কেউটান গ্রামের শিমুলগাছটিতে এবারও বাসা বাঁধতে শুরু করেছে জলচর পাখি পানকৌড়িরা।
ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদ জাহাঙ্গীরের মতে, প্রাণীকুলের স্বভাব হলো তারা যেখানে নিরাপদ মনে করে, সেখানেই আশ্রয় নেয়। সেই আশ্রয়ে বাসাও বাঁধে। নিরাপত্তার কারণেই পানকৌড়িগুলো কেউটান গ্রামের শিমুলগাছে বাসা বাঁধছে বছরের পর বছর।
শিমুলগাছটির মালিক যাদব রায় জানান, বছর ছয়েক আগে এক অগ্রহায়ণ মাসের বিকেলে চার-পাঁচটি পাখি এসে শিমুলগাছের ডালে বসে। পরদিন আরও কয়েকটি পাখি আসে। এর কয়েক দিন পর পাখিতে ভরে যায় গোটা গাছ। পাখিগুলোকে আগলে রাখতে শুরু করেন গ্রামের মানুষ। পাখিগুলোর মধ্যে অধিকাংশই পানকৌড়ি। প্রতিবছর বাড়তে থাকে পাখিদের আনাগোনা। রাতে নিরাপদ আশ্রয়ে থেকে সকাল হলেই পাখিগুলো খাদ্যের খোঁজে বেরিয়ে পড়ে। নীড়ে ফিরে আসে আবার সন্ধ্যায়। সারা বছর ওই শিমুলগাছে বিভিন্ন প্রজাতির কোনো না কোনো পাখি থাকে। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি পাখি আসে। সে সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে এলাকা।
সরেজমিনে দেখা গেছে, রানীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কে কুলিক নদের পাশে সব গাছ ছাড়িয়ে মাথা উঁচু করে আছে একটি শিমুলগাছ। ডালে ডালে শুধু পাখি আর পাখি। শিমুলগাছটির ১০০ গজ দূরে চায়ের দোকানের মালিক চরণ দাস বলেন, ২০০-৩০০ পানকৌড়ি এই গাছে বাসা বেঁধেছে। প্রতিবছর এখানে হাজারের ওপর পানকৌড়ি আসে। দূর-দূরান্ত থেকে প্রতিদিন অনেক লোক এখানে পাখি দেখতে আসে।
একটি গাছে কখনো এত পানকৌড়ি একসঙ্গে দেখেননি রানীশংকৈল উপজেলার বাসিন্দা ও বেসরকারি সংস্থার কর্মী আনছুরা বেগম। তিনি বললেন, ‘ঝাঁকে ঝাঁকে অনেক পাখি যখন উড়ে আসে, তখন দেখতে খুব ভালো লাগে।’
রানীশংকৈলের হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম জানান, পাখি সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।