ফিরেছে গণিত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে রৌপ্যপদক জয় করে দেশে ফিরল বাংলাদেশ গণিত দল। গতকাল সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ গণিত দলের ছয় সদস্য, উপ-দলনেতা ও পর্যবেক্ষক ফিরে আসেন।
গণিত দলকে অভিনন্দন জানাতে খুদে গণিতবিদদের আত্মীয়স্বজন ও স্বেচ্ছাসেবকেরা সন্ধ্যা থেকেই অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। লাল-সবুজের পোশাক পরে বিমানবন্দরের ভেতর থেকে একে একে গণিত দলের ছয় সদস্য নূর মোহাম্মদ শফিউল্লাহ, আদিব হাসান, মো. সানজিদ আনোয়ার, সাজিদ আখতার, আসিফ-ই-ইলাহী ও মুতাসিম মিম এবং উপ-দলনেতা মুনির হাসান ও পর্যবেক্ষক তামিম শাহরিয়ার বেরিয়ে আসেন।
৩ থেকে ১৩ জুলাই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিয়ে একটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশ দল। এ ছাড়া দলের বাকি চার সদস্য পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ আইএমওতে অংশগ্রহণ করছে। এবার নিয়ে গত ১০ বছরে বাংলাদেশ মোট দুটি রৌপ্যপদক, ১০টি ব্রোঞ্জ ও ২০ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন করে করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।