ফিরেছেন ৪২ পর্যটক
কক্সবাজারের সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৪২ জন গতকাল শুক্রবার ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন।
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ায় দুদিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ। এ কারণে পর্যটকেরা সেন্ট মার্টিনে আটকা পড়েন।
টেকনাফে ফেরত আসা রাজধানীর মিরপুরের কাপড় ব্যবসায়ী মো. আবদুল আহাদ জানান, শুক্রবার একটি মাছ ধরার ট্রলারে করে তাঁরা ৩০ জন পর্যটক সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসেন।
কয়েকজন পর্যটক বলেন, সেন্ট মার্টিনে অবস্থান করার মতো টাকা ছিল না। তা ছাড়া অফিসের ছুটিও শেষ হয়ে যাচ্ছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা ট্রলারে করে সমুদ্র পাড়ি দিয়েছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে জানান, শুক্রবার তিনটি ট্রলারে করে স্থানীয় বাসিন্দাসহ ৬৫ জনের মতো যাত্রী টেকনাফ গেছেন। তাঁদের মধ্যে ৪২ জন পর্যটক। তিনি জানান, একজন বিদেশিসহ শতাধিক পর্যটক এখনো দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে অবস্থান করছেন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম জানান, সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আজ শনিবার পর্যটকদের ফিরিয়ে আনা হবে।