ফিরোজ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা কাদুরবাড়ি এলাকায় ফিরোজ সরকার (২৮) হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার শহরতলির শিকারিকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
৬ ফেব্রুয়ারি দিঘারকান্দা কাদুরবাড়ি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে ফিরোজ সরকার নিহত হন। গত সোমবার নিহত ব্যক্তির মা ফিরোজা বেগম হুমায়ুন কবীর ও নুরুল কবীরসহ ১০-১১ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ফিরোজের বাড়ি শহরতলির কেওয়াটখালী এলাকায়।
গতকাল সকাল ১০টার দিকে শহরতলির শিকারিকান্দা বাইপাস এলাকায় ময়মনসিংহ পৌরসভার ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ নারী-পুরুষ মিছিল নিয়ে জড়ো হন। এ সময় শিকারিকান্দা ও কেওয়াটখালী এলাকায় দোকানপাট বন্ধ থাকে। দুপুর পৌনে ১২টার দিকে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
ফিরোজের মা ফিরোজা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলের হত্যাকারীর বিচার চাই।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।