ফিরোজ রশীদ দুদকে, জিজ্ঞাসাবাদ চলছে
জালিয়াতির মাধ্যমে রাজধানীর ধানমন্ডিতে বাড়ি দখলের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আজ সকালে দুদকে হাজির হতে সাংসদ কাজী ফিরোজ রশীদকে গত ১০ আগস্ট তলবি নোটিশ পাঠান দুদকের উপপরিচালক। এ বিষয়ে আজ তাঁর বক্তব্য দুদকের কাছে পাঠানোর কথা ছিল।
দুদক সূত্র জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের পুরাতন ৭০ এবং নতুন ১০ নম্বর প্লটটি ভুয়া দাতা সাজিয়ে কাজী ফিরোজ রশীদ দখল করেছেন বলে দুদকের কাছে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে এ বছরের ৮ মার্চ অনুসন্ধান শুরু করে দুদক। বাড়িটি তৎকালীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে। মোহাম্মদ আলীর ছেলে মাহমুদ আলীর তত্ত্বাবধানে বাড়িটি থাকা অবস্থায় তাঁর চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী নিজ দখলি সম্পত্তি দাবি করে জাল কাগজপত্র তৈরি করেন। পরে কাজী ফিরোজ রশীদের কাছে তা হস্তান্তর করেন বলে অভিযোগ আসে। অন্যদিকে কাজী ফিরোজ রশীদের দাবি, ওই বাড়ির মালিকানা তিনি আইনি প্রক্রিয়ায় পেয়েছেন। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। পাশাপাশি এ বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।