ফিরোজ রশীদের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর সম্পত্তি আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়ে দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধানকারী ও পরিচালক নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। দুদক সূত্র প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদকের সূত্রটি জানায়, মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী আলেয়া মোহাম্মদ আলীর নামে বরাদ্দ ধানমন্ডির একটি বাড়ি কাজী ফিরোজ রশীদ ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল করেছেন বলে মোহাম্মদ আলীর পরিবার দুদকে সুনির্দিষ্ট একটি অভিযোগ করে। অভিযোগ আমলে নিয়ে দুদক তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
মোহাম্মদ আলীর জন্ম বগুড়ায়। ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান সরকারের তৃতীয় এই প্রধানমন্ত্রী ১৯৬৩ সালে বগুড়ায় মারা যান।
জানা গেছে, ধানমন্ডি-২ নম্বর সড়ক এবং গুলশানে প্রয়াত মোহাম্মদ আলীর দুটি বাড়ি ছিল। গুলশানের বাড়িটি প্রথম স্ত্রীকে এবং ধানমন্ডির বাড়িটি দ্বিতীয় স্ত্রীকে দেওয়া হয়। সে অনুযায়ী মোহাম্মদ আলীর মৃত্যুর পর ধানমন্ডির বাড়িটি তাঁর দ্বিতীয় স্ত্রী আলেয়া মোহাম্মদ আলী পেয়েছেন। কাজী ফিরোজ রশীদ ও তাঁর পরিবার এ বাড়িতে দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন।
দুদকে আসা অভিযোগে বলা হয়, ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন অবস্থান করে একপর্যায়ে নিজের নামে জাল কাগজপত্র তৈরি করেন কাজী ফিরোজ রশীদ।
এ বিষয়ে জানতে কাজী ফিরোজ রশীদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। এসএমএস পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।