ফিরোজা বেগমের অবস্থা সংকটাপন্ন

বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের অবস্থা সংকটাপন্ন। তিনি এখন রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর হূদযন্ত্র, কিডনি ও লিভার স্বাভাবিকভাবে কাজ করছে না। তাঁর শরীরে জন্ডিস ধরা পড়েছে। আজ বিকেল ৪টা ৩৭ মিনিটে হাসপাতাল থেকে মোবাইল ফোনে তাঁর ছেলে হামিন আহমেদ জানান, ওষুধের মাধ্যমে ফিরোজা বেগমের রক্তচাপ কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে। হূদস্পন্দনের হার আগের চেয়ে কিছুটা বেড়েছে। এখন তাঁর কিডনির ডায়ালিসিস করানো হচ্ছে।
চিকিত্সকদের বরাত দিয়ে হামিন আহমেদ জানান, ফিরোজা বেগমকে সুস্থ করে তোলার জন্য তাঁরা সব চেষ্টা করে যাচ্ছেন।
এর আগে আজ বেলা ১১টা ২৬ মিনিটে হাসপাতাল থেকে মোবাইল ফোনে হামিন আহমেদ জানান, গত সপ্তাহে ফিরোজা বেগমকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর গত বুধবার তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অসুস্থ হওয়ায় গত শুক্রবার তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিত্সার দায়িত্বে আছেন চিকিত্সক কৃষ্ণ মোহন সাহু ও মজিবুর রহমান।