ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। ছবি: মনিরুল আলম
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। ছবি: মনিরুল আলম

নজরুলসংগীতের মুকুটহীন সম্রাজ্ঞী ফিরোজা বেগমের মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। আজ বুধবার বেলা দুইটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে এ অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মরহুমার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফুল দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা। 
শহীদ মিনার থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে। ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ। বিশিষ্ট নাগরিকদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্যারিস্টার রফিক উল হক, শিক্ষাবিদ আনিসুজ্জামান, কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী প্রমুখ। এ ছাড়া বাংলা একাডেমি, নজরুল একাডেমি, ছায়ানটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এর আগে সকাল আটটায় হাসপাতালের হিমঘর থেকে ফিরোজা বেগমের মরদেহ ইন্দিরা রোডের বাসভবনে নেওয়া হয়। সেখানে গণমাধ্যমের অসংখ্য কর্মীসহ মরহুমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন। সেখান থেকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে।