দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেছেন, তাঁর স্ত্রী আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ ও মামলা সম্পূর্ণ বেআইনি, ভিত্তিহীন ও হয়রানিমূলক। তাঁর পুরো পরিবারকে ধ্বংস করতে স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে দুদককে লেলিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান এ কথা বলেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে ১১ জুন ফিরোজা মাহমুদের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, ফিরোজা মাহমুদ ২০০৩ সালে কেনা তাঁর গুলশানের অ্যাপার্টমেন্টের মূল্য ৬০ লাখ টাকা কম দেখিয়েছেন।
মাহমুদুর রহমান বলেন, অ্যাপার্টমেন্টটি যে জমিতে নির্মাণ করা হয়েছে, তার মালিক ছিলেন প্রয়াত ফজলুর রহমান। অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে র্যাংগস প্রপার্টিজ লিমিটেড। অ্যাপার্টমেন্টের মূল্য নির্ধারণ করেছে সরকার অর্থাৎ রাজউক। এই মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় ফিরোজা মাহমুদের কোনো সম্পৃক্ততা নেই। তা সত্ত্বেও কেবল তাঁরই বিরুদ্ধে দুদক উদ্দেশ্যমূলক এ মামলা দিয়েছে। এ ধরনের হয়রানিমূলক মামলা রাজউকের লিজভুক্ত প্রতিটি জমি অথবা অ্যাপার্টমেন্টের মালিকের বিরুদ্ধে করা হলে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তিনি দাবি করেন, র্যাংগস গুলশান অঞ্চলের সাব রেজিস্ট্রারের কাছে হলফনামা দিয়ে নিশ্চিত করেছে অ্যাপার্টমেন্টের মূল্য কম দেখানো হয়নি। এই হলফনামা প্রদানে ফিরোজা মাহমুদের কোনো রকম ভূমিকা নেই।
মাহমুদুর রহমান বলেন, তাঁর স্ত্রী শুধু হলফনামার ভিত্তিতে এবং রাজউকের নির্ধারিত মূল্যে সম্পত্তি ক্রয় করেছেন। একজন ক্রেতা যদি কোনো দোকান হতে সরকারি সংস্থার নির্ধারিত মূল্যে কোনো পণ্য ক্রয় করেন, সে ক্ষেত্রে শুধু ক্রেতার বিরুদ্ধে মামলা করার আইনগত ভিত্তি নেই। এই মামলা কেবল হয়রানির জন্য করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো কিছুতেই আমার কণ্ঠ রোধ করা যাবে না। সরকারের কাছে আবারও চ্যালেঞ্জ, সততায় আমার সঙ্গে পারবেন না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি ফরহাদ মজহার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ আবদাল আহমদ, ইলিয়াস খান, কাদের গণি চৌধুরী প্রমুখ।