ফিরোজের পরিবারের বিরুদ্ধে মানবাধিকার সংস্থার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে বসতবাড়ির টয়লেটে তিন বছর শিকলবন্দী করে রাখা সেই ফিরোজের বাবা মা ও ভাইয়ের বিরুদ্ধে গত শুক্রবার রাতে বাংলাদেশ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মামলা করা হয়েছে। এদিকে ফিরোজ এখনো চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে উন্নত চিকিৎসা না পেলে ফিরোজকে পঙ্গুত্ব বরণ করতে হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।মামলাটি করেছে মানবাধিকার সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম। এর আগে ফরিদগঞ্জ থানার পুলিশ ফিরোজের বাবা-মা ও দুই ভাইকে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। আটককৃতদের জামিন মঞ্জুর না হওয়ায় তাঁরা এখনো চাঁদপুরের কারাগারে রয়েছেন। মানবাধিকার সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গতকাল শনিবার বিকেলে বলেন, ‘ফিরোজকে হত্যার উদ্দেশ্যে টয়লেটে তিন বছর শিকলবন্দী রেখে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ওই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ফিরোজের বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি।’