ফিলিং স্টেশনের নির্মাণাধীন ছাদ ধসে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামে গত রোববার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শ্যামলী সিএনজি কনভার্সন ফিলিং স্টেশনের ছাদ ধসে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাসেল আহমেদ (১৬)। তার বাড়ি উপজেলার দাদনপুর গ্রামে। সে ফিলিং স্টেশন নির্মাণকাজের প্রধান রাজমিস্ত্রী শাহিনের ছেলে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার কারণ তদন্তে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার শ্যামলী সিএনজি স্টেশনের ছাদ ঢালাই করা হয়। রোববার সকাল পৌনে নয়টার দিকে শ্রমিকেরা কাজ করার জন্য ছাদের ওপর ও নিচে অবস্থান নেন। এ সময় আকস্মিকভাবে ছাদের মাঝ অংশের নিচের সাটারিংয়ের বাঁশের খুঁটিগুলো দেবে যায় এবং উত্তর পাশের চারটি পিলার ভেঙে ছাদটি ধসে পড়ে। এই ছাদের নিচে চাপা পড়ে রাসেল নিহত এবং শ্রমিক রওশন আলী, রাজমিস্ত্রী এরশাদ আলী, মোস্তফা, সাঈদ হোসেন, মোমিন মিয়া ও জয়নাল হোসেন আহত হন। খবর পেয়ে সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার দমকল বাহিনীর চারটি ইউনিট, টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ৯৮ ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে কংক্রিটের ঢালাই কেটে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন। সিরাজগঞ্জ জেলা দমকল বিভাগের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, দুর্বল ব্যবস্থাপনায় এবং বিল্ডিং কোড না মেনে নির্মাণকাজ করার কারণেই ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় নিহতের চাচা নাসির উদ্দিন বাদী হয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষসহ পাঁচজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।