বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ জালিয়াতির ঘটনা তদন্তে ফিলিপাইন ও শ্রীলঙ্কা যাচ্ছে পুলিশের দুটি দল। আজ মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিআইডির উপমহাপরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল আজ রাতে ফিলিপাইন যাচ্ছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল কাল বুধবার শ্রীলঙ্কা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মোট ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় গত ফেব্রুয়ারির ৪ থেকে ৫ তারিখের মধ্যে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়েছিল। চুরি যাওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকের চারটি হিসাবে জমা হয়ে যায়। সেখান থেকে এই অর্থের একটি বড় অংশ পাচার হয়। এই পাচারের বিষয়ে দেশটির সিনেটের একটি দল তদন্ত করছে।
সিনেটের ওই শুনানিতে অংশ নিয়ে অর্থ চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যবসায়ী ও ক্যাসিনোর পরিচালক কিম ওয়ং পাচারের কিছু অর্থ ফেরত দেওয়ার কথা বলেন। আজ মঙ্গলবার ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিম ওয়ং। এ অর্থ ১৫ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি।
এর আগেও তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে গতকাল সোমবার ওয়ং ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে এই অর্থ ফেরত দেন।
ফিলিপাইনের গণমাধ্যম ইনকোয়ারার ও র্যাপলার-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় মুদ্রা ৩ কোটি ৮২ লাখ পেসোতে ফেরত দেওয়া এই অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসপি) কাছে জমা হয়েছে। কিম ওয়ংয়ের মালিকানাধীন ক্যাসিনো ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানির নামে এই অর্থ ফেরত দেওয়া হয়। এর আগে গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।