ফিলিপাইনকে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে উত্পাদিত আন্তর্জাতিক মানের সিরামিক এবং ওষুধ সামগ্রী আমদানির জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত জেনাইদা টোকোরদা রাবাগো গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।ফিলিপাইনের রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনকালে সকল প্রকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আলোচনাকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক শিল্পে ৩২ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে আরও বিনিয়োগকে উত্সাহিত করার জন্য ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।