ফিলিপাইনের দুই নারী চট্টগ্রামে এসে জানলেন তাঁরা সতিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফিলিপাইন দূতাবাসের দেওয়া তথ্যের ভিত্তিতে সে দেশের নাগরিক দুই নারী ও তাঁদের তিন সন্তানকে চট্টগ্রামের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। দুই নারী সম্পর্কে সতিন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। দুই নারীর স্বামী চট্টগ্রামের রাউজানের বাসিন্দা তোফাজ্জল করিম। তিনি দুবাইপ্রবাসী ব্যবসায়ী।

উদ্ধারের পর পাঁচজনকে চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই নারী আদালতকে বলেন, তাঁরা নিজ দেশে ফিরে যেতে চান। পরে আদালত দূতাবাসের মাধ্যমে তাঁদের নিজ দেশে পাঠানোর আদেশ দেন। একই আদেশে সন্তানেরা মায়ের জিম্মায় থাকবে বলেও উল্লেখ করেন বিচারক। পরে দূতাবাসের কর্মকর্তাদের কাছে দুই নারী ও তাঁদের সন্তানদের হস্তান্তর করেন আদালত।

পুলিশ জানায়, ১০ বছর আগে দুবাইতে তোফাজ্জল প্রথম বিয়ে করেন ফিলিপাইনের নারী এমিলি সি গ্রুসকে (৪০)। তাঁদের ঘরে দুটি সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৮ বছর, ছোট ছেলের বয়স ২১ মাস। প্রথম স্ত্রীকে না জানিয়ে বছর তিনেক আগে ফিলিপাইনের আরেক নারী মেরি দি লিয়রকে (২৭) দুবাইতে বিয়ে করেন তোফাজ্জল। দ্বিতীয় স্ত্রীর ঘরেও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এ বিষয়ে তোফাজ্জল ও তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তোফাজ্জল এখন দুবাইয়ে অবস্থান করছেন। গতকাল তিন ছেলেকে নিজের জিম্মায় নিতে তোফাজ্জলের বড় ভাই ফজলুল করিম আদালতে আবেদন করেন। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফিলিপাইন দূতাবাসের পক্ষ থেকে নগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানানো হয় যে তাদের দুজন নাগরিককে আটকে রাখা হয়েছে। এরপর নাসিরাবাদে তোফাজ্জলের বাসা থেকে দুই নারী ও তাঁদের তিন সন্তানকে উদ্ধার করে আদালতে নেওয়া হয়।

ওসি বলেন, তোফাজ্জল প্রথম বিয়ের কথা দ্বিতীয় স্ত্রীর কাছে গোপন করেন। আবার প্রথম স্ত্রীও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতেন না। দুই স্ত্রীই দুবাই ও বাংলাদেশে আসা-যাওয়ার মধ্যে থাকতেন। গত বছরের নভেম্বর মাসে প্রথম স্ত্রী এমিলি সন্তানদের নিয়ে স্বামী তোফাজ্জলের সঙ্গে বাংলাদেশে আসেন। এর কিছুদিন পর তোফাজ্জল আবার দুবাই চলে যান। আর গত ২ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে আসেন দ্বিতীয় স্ত্রী মেরি। সন্তানকে সঙ্গে নিয়ে তিনি একাই দুবাই থেকে বাংলাদেশে আসেন। তিনি বাসায় আসার পর দুজনেই জানতে পারেন তোফাজ্জল তাঁদের না জানিয়ে দুটি বিয়ে করেছেন।

ওসি বলেন, বাসায় তোফাজ্জলের অন্য স্বজনেরাও থাকেন। তাঁরা দুই স্ত্রীর চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন। পরে এমিলি ও মেরি বিষয়টি ফিলিপাইন দূতাবাসকে জানান।