
ঝলমলে রোদ সাধারণত থাকে না, বুধবার ছিল। ট্যুর গাইড ডেনিস মারিস্তানি বললেন, ‘আপনাদের সৌভাগ্য যে দিনটা ভালো যাবে।’ যদিও আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমরা কয়েকজন বিদেশি অতিথি যাচ্ছি একটি জাদুঘরে। হোটেল মাকাটি সাংগ্রিলা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। কাচের জাদুঘর। বিস্ময়কর ব্যাপার। একজন স্থপতি রমন অর্লিনোর ব্যক্তিগত জাদুঘর। কাচ কেটে যে কত দর্শনীয় আর্ট পিস তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হয় না। রমন নিজে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তাঁর অসাধারণ কাজ। জাদুঘর নিয়ে পরের লেখায় আসব। আজ বলব ফিলিপাইনের চোখে পড়ার মতো উন্নয়নের কথা।
অতিথিদের সম্মানে আমাদের সঙ্গে দুজন এসকর্ট পুলিশ যাচ্ছে। তাঁরা দেখবেন আমরা যেন কোথাও যানজটে আটকা না পড়ি। কিন্তু কোথায় যানজট। ১০০ কিলোমিটার যেতে কোথাও কোনো ক্রসিং পেলাম না। একের পর এক ফ্লাইওভার। ওপরে মহাসড়ক, নিচ দিয়ে চলে গেছে আরেক মহাসড়ক, তার নিচে আরেকটা। যে যার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। কোথাও কোনো থামাথামি নেই। তবে টোল দিতে মাঝেমধ্যে গাড়ির সারি দেখেছি। আমাদের সেই ঝামেলাটুকু ছিল না। অবশ্য মহাসড়ক অবারিত থাকলেও সন্ধ্যায় মূল ম্যানিলায় দেখলাম কিছুটা যানজট।
মেট্রো ম্যানিলায় আছে ১৬টি বড় শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানিলা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। তখন থেকে বাণিজ্যিক শহর হিসেবে মূল ম্যানিলার পাশেই ধীরে ধীরে গড়ে তোলা হয় মাকাটি।
মহাসড়কের ধারেকাছে নেই কোনো হাটবাজার। কোনো তিন চাকার বা ধীরগতির গাড়ি নেই। এত বড় শহর থেকে বের হওয়ার পর শ খানেক মাইল পার হয়ে গেলাম, মহাসড়ক দখল করে কোনো দোকানপাট বা বাসের ভিড় দেখলাম না।
ভাবলাম, এ দেশে মানুষের সংখ্যা কম নাকি? না, জনসংখ্যা প্রায় ১০ কোটি ১০ লাখ। এর মধ্যে প্রায় এক কোটি প্রবাসী জনশক্তি। দেশটি যদিও আমাদের চেয়ে বড়, প্রায় তিন গুণ, কিন্তু সেগুলো বড় তিনটি দ্বীপে বিভক্ত। আর দ্বীপের বেশ কিছু পরিমাণ জায়গা দখল করে আছে জলাভূমি, যেখানে মানুষজন বলতে গেলে থাকেই না। মাকাটিতে লোকসংখ্যা দিনে প্রায় ১ কোটি ২০ লাখ, রাতে ৫০-৬০ লাখ।
বাংলাদেশ ম্যাজিক অর্থনীতির জন্য বিশ্বে প্রশংসিত। আর ফিলিপাইনকে বলা যায় ম্যাজিক উন্নয়নের দেশ। এডিবির ফ্যাক্টস শিটে ফিলিপাইনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ বলে উল্লেখ করা হয়েছে। ফিলিপাইনের বৈদেশিক মুদ্রার মজুত ৮০ বিলিয়ন ডলার, যা তাদের অন্তত আট মাসের আমদানিমূল্যের সমান। বুধবার এক সরকারি ঘোষণায় জানানো হয়, জুলাই-সেপ্টেম্বর সময়কালে অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। গত বছর এই সময়কালে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৫ শতাংশ। গতকাল শুক্রবারের ফিলিপাইনের শীর্ষ জাতীয় দৈনিক ম্যানিলা বুলেটিন ফিলিপাইনকে এশিয়ার তৃতীয় দ্রুততম প্রবৃদ্ধির দেশ বলে উল্লেখ করেছে। চীনের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ ও ভিয়েতনামের ৬ দশমিক ৮ শতাংশ। সেই হিসাবে বাংলাদেশও ফিলিপাইনের কাছাকাছি আছে বলতে হবে।
গত বৃহস্পতিবার সিনেট ২০১৬ সালের জন্য ৩.০০৩ ট্রিলিয়ন পেসোর বাজেট অনুমোদন করেছে। ১ মার্কিন ডলার প্রায় ৪৬ পেসো। এই হিসাব থেকে অনুমান করা যায় ফিলিপাইনের অর্থনীতি কত বড়।
৫০-৬০ বছর আগে থেকেই ফিলিপাইনের উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়। মূল শহরগুলো থেকে বাইরে কিছুটা দূরে বড় বড় শিল্পকারখানা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে এখন প্রচুর বিদেশি বিনিয়োগ। শিল্পকারখানার আশপাশেই গড়ে তোলা হয়েছে বহুতল ফ্ল্যাট ভবন, কর্মীদের আবাসিক সুব্যবস্থার জন্য। আধুনিক উন্নতমানের স্কুল-কলেজ, হাসপাতালগুলো মূল শহরের বাইরে দূরে দূরে।
হোটেল কক্ষে টেলিভিশনে দেখছি ‘সিএনএন ফিলিপিনস’! বিশ্ব অর্থনীতির সঙ্গে ফিলিপাইনের ঘনিষ্ঠ যোগাযোগ কত বেশি তা সহজেই বোঝা যায়।
সামনে ক্রিসমাস। গতকাল শুক্রবার ছিল সবার বেতনের দিন। সোমবার ছুটি। ছুটির দিনগুলোতে নাকি প্রচুর কেনাকাটা হয়, বলছিলেন আইকা। তিনি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা। বললেন, যত কেনাকাটা বাড়বে, তত উন্নয়ন, আর যত উন্নয়ন, তত মানুষের কেনাকাটা বাড়বে। এভাবে ফিলিপাইনের উন্নয়ন গতি পাচ্ছে।