ফিলিস্তিন নিয়ে বিশ্ব নেতৃত্বের উদাসীনতায় বাংলাদেশের ক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতার কারণে মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতাদের
উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন এ ক্ষোভ প্রকাশ করেন।
এতে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় সময় ২২ জুলাই মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ওই বিতর্কে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টিরও বেশি সদস্য দেশ অংশ নেয়।
বিতর্কে এ কে আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক সব বিধিনিষেধ অমান্য করে ইসরায়েল ফিলিস্তিনদের ওপর অমানবিক, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও অকুণ্ঠ সমর্থন আবার তুলে ধরেন রাষ্ট্রদূত।
নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্বকে অনুরোধ জানান এ কে আব্দুল মোমেন।
নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে এবং ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা করেন রাষ্ট্রদূত।