ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস আসছেন ১ ফেব্রুয়ারি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১ ফেব্রুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। তাঁর এই সফরের সময় বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রয়াত ইয়াসির আরাফাতের পর মাহমুদ আব্বাসের এই সফর হবে ফিলিস্তিনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ১৯৯৭ সালে ঢাকায় এসেছিলেন ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত।
মাহমুদ আব্বাসের সফরের প্রস্তুতি নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচারপ্রধান এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইউসুফ রামাদান। ওই আলোচনার পর ইউসুফ রামাদান সাংবাদিকদের বলেন, ১ ফেব্রুয়ারি ফিলিস্তিনের প্রেসিডেন্টের ঢাকায় আসাকে সামনে রেখে দুই পক্ষ প্রস্তুতি নিচ্ছে। এই সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা শেষে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।