ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে যৌথ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল একটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে যৌথ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল একটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

ফিলিস্তিন ও ইসরায়েল—দুই পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব বলেন, ফিলিস্তিনিদের স্বতন্ত্র জাতিসত্তা বাংলাদেশ সমর্থন করে বলে প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু সমাধানে দীর্ঘদিন ধরে চলা ‘দুই জাতির জন্য দুই রাষ্ট্র’ নীতিও বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের কারণে প্রশ্নের মুখে পড়েছে।

শহীদুল হক বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক মহলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছালে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

মাহমুদ আব্বাস ও শেখ হাসিনার মধ্যে একান্ত বৈঠকের পর দুদেশের সরকারি পর্যায়ে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ‘আন্তঃসরকার যৌথ কমিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্রসচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়েছেন।

রাষ্ট্রপতিরসঙ্গে সাক্ষাৎ​

ফিলিস্তিন ও আরব ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি দখল ও বসতি স্থাপনের নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফিলিস্তিনের সফররত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বঙ্গভবনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ নিন্দা জানান তিনি।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে ফিলিস্তিনের অনুভূতি ও দাবির প্রতি আন্তরিক সহযোগিতা ও সমর্থন জানানোর জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদ আব্বাস।

পরে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ শেষে দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি। নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এন এ মালিকি ও ফিলিস্তিনের প্রধান বিচারপতি মাহমুদ এস এ আলহাব্বাশ অংশ নেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন। সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং বকুল ফুলের একটি চারাও রোপণ করেন তিনি।

পরে প্রেসিডেন্ট আব্বাস ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক মাহমুদ আব্বাসকে অভ্যর্থনা জানান।