ফিলিস্তিন সমস্যা সমাধানে গুরুত্বারোপ বাংলাদেশের
জাতিসংঘে গৃহীত প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ ও চারদেশীয় রূপরেখার সমন্বয়ে ফিলিস্তিন সমস্যার সার্বিক সমাধানে পৌঁছাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে দিনব্যাপী এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এই আহ্বান জানান। খবর বাসসের।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিতর্কে বলেন, অধিকৃত এলাকায় ইসরায়েল তার দখলদারি বজায় রেখেছে। পাশাপাশি নারী, শিশুসহ নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে। এ পরিস্থিতির অবসানের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের মাধ্যমে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর সম্মিলিত রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সহিংস উগ্রপন্থার ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ এই বিতর্কে আরও ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।