ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায় আসছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল বুধবার বিকেলে ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি খালদিসহ জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসবেন।
সফরের সময় মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব আলোচনায় মাহমুদ আব্বাস দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময়ে দুদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।

ঢাকা সফরের শুরুতেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এ ছাড়া মাহমুদ আব্বাস তাঁর সম্মানে রাষ্ট্রপতি আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন।

তিন দিনের সফর শেষে আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা ছেড়ে যাবেন মাহমুদ আব্বাস।