ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতাদের সাক্ষাৎ
ফিলিস্তিনি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, ফিলিস্তিনি মানুষের ন্যায়সংগত আন্দোলনে সব বাংলাদেশির মতো বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংহতি আগের মতো ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।
রাজধানীর বারিধারায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে গত বুধবার চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ রামাদানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন ঐক্য পরিষদের নেতারা। এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স ঐক্য পরিষদের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তথাকথিত হিন্দু সংগ্রাম কমিটির নামে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠির বিষয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন, তাঁদের জানা মতে এ ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। বিজ্ঞপ্তি।