জুমার নামাজের পর ঢাকায় বিক্ষোভ
ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য ইসরায়েলের প্রতি ঘৃণা ও ধিক্কার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও ব্যাপক প্রাণহানির প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক এলাকায় কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করে। প্রায় একই সময়ে বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীরা পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের ওপর নারকীয় এই হামলার জন্য ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণা ও ধিক্কার জানান। ইসরায়েলি এই হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে না পারায় জাতিসংঘেরও তীব্র সমালোচনা করা হয়। বিক্ষোভ মিছিলে ইসরায়েলি বর্বরোচিত হামলায় হতাহত ফিলিস্তিনি নারী-শিশুর রক্তাক্ত ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করা হয়।
ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয়, জেলা ও থানা সদরেও জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগেই বিপুলসংখ্যক পুলিশ বায়তুল মোকাররম এলাকাসহ আশপাশে অবস্থান নেয়। এ সময় পুলিশ মুসল্লিদের দেহ তল্লাশি করে মসজিদে ঢুকতে দেয়।
ইসলামী আন্দোলন: জুমার নামাজের পর পুরানা পল্টনের হাউস বিল্ডিং ভবনের গলি থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিলটি পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় ঘুরে আবার হাউস বিল্ডিং ভবনের গলিতে গিয়ে সমাবেশ করে। সমাবেশে দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, মুসলমানদের ওপর ইসরায়েলি পাশবিকতা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। জাতিসংঘের ভূমিকায় মুসলমানরা মর্মাহত এবং বিস্মিত। দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন।
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ: বিভিন্ন দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ বায়তুল মোকাররমের উত্তর ফটক, পুরানা পল্টন, দৈনিক বাংলা এলাকায় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বড় মিছিল করে। পুলিশের বাধায় সংগঠনের নেতা-কর্মীরা দৈনিক বাংলা ও পুরানা পল্টন মোড়ে কাঁটাতারের বেষ্টনী ডিঙাতে পারেননি। পরে জাতীয় ক্রীড়া পরিষদের উল্টো পাশের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে সংগঠনের নেতারা ফিলিস্তিনে বর্বর হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ সব আন্তর্জাতিক সংস্থাকে কার্যকরী পদক্ষেপ নিতে জোর দাবি এবং ইসরায়েলের সব পণ্য বর্জন ও তাদের থেকে সহযোগিতা গুটিয়ে নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাফরুল্লাহ খান, খলিলুর রহমান মাদানী, আজিজুল হক ইসলামাবাদী, আবদুল মোবিন, কাজী আবুল খায়ের, কামরুল ইসলাম সাঈদ, আবদুস সবুর মাতুব্বর প্রমুখ।
ইসলামী ঐক্যজোট: জুমার নামাজের পর লালবাগ চৌরাস্তা থেকে মিছিল বের করে ইসলামী ঐক্যজোট। মিছিলটি আজাদ মাঠ, ঢাকেশ্বরী, আজিমপুর রোড, গোর-এ-শহীদ মাজার হয়ে আবার লালবাগ চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ওআইসি ও আরব লিগের মতো “মরা” সংস্থাগুলো দিয়ে আর কাজ নেই। আমাদের মুসলিম জাতিসংঘ গড়ে তুলতে হবে। আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে ‘সম্মিলিত মুসলিম সামরিক বাহিনী’ গঠন করে জিহাদ আরম্ভ করতে হবে।’
দলের ঢাকা মহানগর সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আবুল হাসানাত আমিনী, তৈয়্যব হোসাইন, জসিম উদ্দীন, যুবায়ের আহমদ, আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ।
হেফাজতে ইসলাম: সংগঠনের ব্যানারে ঢাকা মহানগর কমিটির কয়েকজন নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন বায়তুল মোকাররম এলাকায়। পরে তাঁরা আবার জমিয়তে উলামায়ে ইসলামের ব্যানারেও মিছিল করেন। মিছিলের পর বায়তুল মোকাররমের উত্তর ফটকে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আজিজুল হক ইসলামাবাদী, আবদুর রব ইউসুফী, মহিউদ্দীন ইকরাম, ওয়ালী উল্লাহ আরমান, রেজাউল করীম, রেদওয়ানুল বারী প্রমুখ।
এ ছাড়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন বায়তুল মোকাররমের উত্তর ফটক এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য দোয়ার আয়োজন করে।