ফিলিস্তিনে হামলার প্রতিবাদ অব্যাহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত কয়েক দিনে নারী-শিশুসহ অসংখ্য মানুষের প্রাণহানি ও বিপুলসংখ্যক নিরীহ মানুষের আহত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠনের উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এই আগ্রাসন বন্ধে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে এসব সংগঠন।
অবিরাম বোমা হামলার প্রতিবাদে গতকাল সোমবার সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ১৮টি ছাত্র, যুব, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। রাজধানীর শাহবাগে প্রতিবাদ জানাতে আসা এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, উদীচী শিল্পীগোষ্ঠী, গার্মেন্টস শ্রমিক টিইউসি, প্রগতি লেখক সংঘ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমাবর্ষণের ঘটনা মানবতাবিরোধী অপরাধের শামিল। যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় ইসরায়েল এ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বক্তারা ফিলিস্তিনের নিরীহ মানুষকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সহসভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি অধ্যাপক এ এন রাশেদা, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি কাফী রতন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আসলাম খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক প্রমুখ।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের তোয়াক্কা না করে ইসরায়েল যে সহিংস রূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিরুদ্ধে অশনিসংকেত। গাজাবাসীর মানবাধিকার আজ সংকটাপন্ন। ইসরায়েলকে এই তৎপরতা বন্ধ ও গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়কে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে ইসরায়েলকে মানবসভ্যতার ক্যানসার বলে উল্লেখ করে বক্তারা বলেন, মরণঘাতী ক্যানসারকে নির্মূল করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বিবৃতি দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ, বাংলাদেশের শান্তি পরিষদ, বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি।