ফিলিস্তিনে হামলার প্রতিবাদ খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, তিনি মনে করেন, ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই সমস্ত হিংস্রতা দিয়ে এই সামরিক আক্রমণ চালানো হয়েছে। সামরিক অভিযান বন্ধে চাপ সৃষ্টি করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরায়েলি বর্বর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। দীর্ঘদিন ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ভয়াবহ মানব বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার পরও পুনঃপুন তাদের ওপর চলছে ইসরায়েলি সামরিক অভিযান। গত কয়েক দিনের নির্বিচারে বর্বরোচিত বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৬০০ জনের অধিক ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বিপন্ন ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে অসংখ্য বাড়িঘর ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূমিতে পরিণত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাঁচাতে গিয়ে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। আধিপত্য-ক্ষুধা মেটাতে ইসরাইল মানবিকতার সকল চিহ্ন মুছে ফেলে সন্ত্রাসবাদকেই রাষ্ট্রীয় নীতি হিসেবে মেনে চলছে।

তাদের এই আচরিত নীতির কারণেই নারী-শিশুসহ অসংখ্য ফিলিস্তিনির রক্ত ঝরছে এবং নিজ বাস্তুভিটা থেকে ফিলিস্তিনিরা অতীতেও যেমন উচ্ছেদ হয়েছে, তেমনিভাবে এখনও হচ্ছে। এবারে ইসরাইলি বাহিনীর হামলা সাম্প্রতিককালের সবচেয়ে বড় নিষ্ঠুর সামরিক অভিযান। মনে হয় ফিলিস্তিনিদের শেষ অস্তিত্বটুকু নিশ্চিহ্ন না করা পর্যন্ত তাদের প্রতিহিংসার থাবা বিস্তার লাভ করতেই থাকবে।

অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ‘অন্যায় বর্বরোচিত’ হামলা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসী মনোভাব বরাবরের মতো অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না।