ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আলোক প্রজ্বালন
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী ‘স্থাপনা শিল্প’ প্রদর্শনী ও আলোক প্রজ্বালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
টিএসসিভিত্তিক সংগঠন স্লোগান ’৭১-এর বিকেলের এ আয়োজনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বাংলাদেশে পড়াশোনারত কয়েকজন ফিলিস্তিনি শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। কিছুসংখ্যক সাধারণ মানুষ ও পথচারীও এতে যোগ দেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক এ সময় বলেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলায় যারা নিহত হচ্ছে তাদের অধিকাংশই বেসামরিক মানুষ। নারী ও শিশুদের ওপর এই হামলা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না।’
স্থাপনাশিল্পের মধ্যে ছিল ঘেরাও করা ফিলিস্তিনি পতাকা, বন্দিত্বের প্রতীক খাঁচাবন্দী পাখি আর কাচে ঘেরা গোল্ডফিশ। প্রদর্শনী শেষে উপস্থিত জনতা মোমবাতি প্রজ্বালন করে ফিলিস্তিনে নিহত নারী ও শিশুদের প্রতি সমবেদনা জানায়।