ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের লক্ষ্যে তাদের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছেন। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে এবং শান্তি, স্থিতিশীল ও ন্যায়বিচারের জন্য তাদের দীর্ঘ পাঁচ দশকের সংগ্রামের প্রতি সমর্থন জানাচ্ছে।
ফিলিস্তিনি জনগণের আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে আজ সোমবার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে দেশটির রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামরত জনগণের প্রতি সমর্থনের সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের ন্যায়সংগত আকাঙ্ক্ষার প্রতি আমাদের অবিচল সমর্থন রয়েছে।
শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধের অভিজ্ঞতা থেকেই ফিলিস্তিনি জনগণের ওপর জঘন্য হামলার নিন্দা জানায় বাংলাদেশ। তিনি বলেন, এ ছাড়াও আমরা সম্প্রসারণ পরিকল্পনাসহ অবৈধ বসতিগুলো এবং ‘দুই-রাষ্ট্র’ ভিত্তিক সমাধানের লক্ষ্যে আলোচনাকে বাধাগ্রস্ত করে দখলদার বাহিনীর অন্য যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানায় বাংলাদেশ।
প্রতিনিয়ত মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন বন্ধে দখলদার শক্তির ওপর চাপ প্রয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। কেননা, এই অন্যায়ের ফলে ফিলিস্তিনি জনগণ, বিশেষত গাজার বাসিন্দারা কষ্ট পাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বাস করে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ, রোডম্যাপ, আরব শান্তি পরিকল্পনা এবং চার-দেশীয় উদ্যোগ বাস্তবায়নই দীর্ঘদিনের ফিলিস্তিন সমস্যার একটি টেকসই সমাধানের জন্য প্রযোজ্য হবে।