ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের সরকারি সফরে গতকাল বুধবার ঢাকায় এসেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।
একটি বিশেষ ফ্লাইটে করে গতকাল বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এ সময় রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতির নাতি-নাতনি জিম ও নামিরা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফুলের তোড়া উপহার দেয়। অবতরণের পর ২১ বার তোপধ্বনি করে লালগালিচা সংবর্ধনাও দেওয়া হয় মাহমুদ আব্বাসকে। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে ও সফরসঙ্গীদের গার্ড অব অনার দেয়।
বিমানবন্দরে রাষ্ট্রপতির সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ এন এ মালিকি, প্রধান বিচারপতি মাহমুদ এস এ আলহাব্বাশ প্রমুখ। মাহমুদ আব্বাসের এটাই প্রথম বাংলাদেশ সফর। গত বছরের ফেব্রুয়ারি মাসে জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন তিনি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন এবং স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। আজ সন্ধ্যায় মাহমুদ আব্বাস বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল সন্ধ্যায় মাহমুদ আব্বাসের সঙ্গে তাঁর হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে তাঁকে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণের ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের দেওয়া বৃত্তি এবং বাংলাদেশে ফিলিস্তিনি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ-সুবিধা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।