ফিল্ম নেই, বাইরে থেকে এক্স-রে করাচ্ছে চট্টগ্রাম মেডিকেলের রোগীরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক সপ্তাহ ধরে চিকিত্সাধীন রয়েছেন জসিম উদ্দিন (৩৬)। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়, পেশায় তিনি দিনমজুর। গত ২৭ জানুয়ারি চিকিত্সক তাঁকে বুকের এক্স-রে করানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে এক্স-রে ফিল্ম না থাকায় তাঁকে বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টার (রোগনির্ণয় কেন্দ্র) থেকে এক্স-রে করিয়ে আনতে হয়েছে। তিনি জানান, এতে একদিকে তাঁকে এক্স-রে করানোর জন্য বাইরে যেতে হয়েছে, অন্যদিকে টাকাও লেগেছে বেশি। হাসপাতালে ফিল্ম না থাকায় বাইরে থেকে এক্স-রে করিয়ে আনার কথা জানান একই ওয়ার্ডে চিকিত্সাধীন আকবর আহমেদী (৫৩)। তিনি জানান, গত বৃহস্পতিবার এক্স-রের জন্য তাঁকে হাসপাতালের বাইরে যেতে হয়।হাসপাতাল সূত্র জানায়, দু-একটি জরুরি এক্স-রে ছাড়া হাসপাতালের সব রোগীকেই এখন বাইরে থেকে এক্স-রে করিয়ে আনতে হচ্ছে। এর কারণ ফিল্ম-সংকট। দরপত্র জটিলতায় ফিল্মের এই সংকট দেখা দিয়েছে। প্রতিবছর অন্তত দু-তিনবার এই সংকট দেখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেওয়ার জন্যই কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হয়। সূত্র আরও জানায়, ফিল্ম-সংকটের কারণে বর্তমানে প্রতিদিন অন্তত ২০০ রোগী বাইরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে এক্স-রে করিয়ে আনছে। এতে তাদের অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান আনিসুল মওলা ফিল্ম-সংকটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছুদিন ধরে সংকট দেখা দিয়েছে। এখন আমাদের যদি ফিল্ম সরবরাহ না দেয়, তাহলে আমরা কী করতে পারি। প্রতিদিন ২০০ ফিল্মের চাহিদা রয়েছে।’ জানা যায়, হাসপাতালে প্রতিটি বড় ফিল্মের এক্স-রের জন্য ৭০ টাকা এবং মাঝারি ও ছোট ফিল্মের এক্স-রের জন্য ৫৫ টাকা করে হাসপাতাল কর্তৃপক্ষকে জমা দিতে হয়। বাইরে এসব এক্স-রে করাতে ক্ষেত্রবিশেষে ১৫০ থেকে ২০০ টাকা লাগে। চিকিত্সাধীন কয়েকজন রোগী ও তাঁদের অভিভাবকেরা অভিযোগ করেন, রোগনির্ণয় কেন্দ্র থেকে কমিশনের জন্য হাসপাতালের কিছু চিকিত্সকই এক্স-রে ফিল্মের কৃত্রিম সংকট সৃষ্টি করেন। তবে এ প্রসঙ্গে চিকিত্সক আনিসুল মওলা বলেন, ‘প্রতিবছর দু-একবার ফিল্ম-সংকট হয়। ফিল্ম-সংকটের সঙ্গে চিকিত্সকদের যোগসাজশের যে অভিযোগ রোগী ও তাদের অভিভাবকেরা করেন, তা ঢালাও। এটা সঠিক নয়।’ জানা যায়, হাসপাতালে ২০০৯ সালে দুবার ফিল্ম-সংকট হয়। ২০০৮ সালে অন্তত তিনবার ফিল্ম-সংকটে ১৫ থেকে এক মাস করে এক্স-রে কার্যক্রম বন্ধ ছিল। এবার জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ফিল্মের সংকট শুরু হয়। প্রথমে ছিল মাঝারি ও ছোট আকারের ফিল্মের সংকট। প্রায় ১০ দিন ধরে বড় ফিল্মও পাওয়া যাচ্ছে না। জরুরি কাজ চালানোর জন্য গত সোমবার ১০০টি মাঝারি আকারের (১২০ বর্গইঞ্চি) ফিল্ম দেওয়া হয়। গতকাল বুধবার এর ১৮টি অবশিষ্ট ছিল। জানা গেছে, সরকারিভাবে প্রতি এক হাজার বড় ফিল্মের দরপত্রের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। কিন্তু ওই দামে এখন ফিল্ম পাওয়া যাচ্ছে না। কিন্তু সরকারের নির্ধারিত দর থাকায় এর বেশিও দিতে পারছে না কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে হাসপাতালের উপপরিচালক মো. মইনউদ্দিন আহমেদ বলেন, ‘ফিল্মের সংকট ছিল। তবে আমরা বেশ কিছু ব্যবস্থা নিচ্ছি। আশা করি, তা কেটে যাবে।’