কর্ণফুলী নদীর ফিশারি ঘাট ও মৎস্য বাজার সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ তৃতীয় কর্ণফুলী সেতু থেকে সদরঘাট পর্যন্ত খননকাজের প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের আওতায় নদীর তীরে সড়ক নির্মাণ করা হয়েছে। একটি পার্কও নির্মাণ করা হবে। এ উদ্যোগ চট্টগ্রামের যানজট নিরসন ও সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখবে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ মেরিন ড্রাইভ ঘেঁষে একটি দেয়াল নির্মাণ করেছে। দেয়ালটির কারণে নদী থেকে মৎস্য আহরণের পর কাছের মৎস্য বাজারে আনা-নেওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এভাবে প্রতিবন্ধক তৈরির মাধ্যমে বাজারটি সরিয়ে নেওয়ার অপতৎপরতা চলছে বলে তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, ফিশারি ঘাটে মৎস্য বাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০ হাজার লোক জড়িত। এ বাজারের সঙ্গে নৌযান ও বরফকল মালিকদের স্থাপনা গড়ে উঠেছে। প্রায় ২০০ বছরের পুরোনো এ বাজারটির ঐতিহ্য ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে তিনি বিবৃতিতে হুঁশিয়ার করেন।
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় বন্দরের জায়গা সুরক্ষিত করতেই সড়ক ঘেঁষে দেয়াল দেওয়া হয়েছে। দেয়াল করলেও সাগর ও নদী থেকে মৎস্য আনা-নেওয়ার ব্যবস্থা রয়েছে। চাক্তাই ও রাজাখালী খালের মাঝখানে জমি ভরাট করে নতুন একটি ফিশ মার্কেট করার পরিকল্পনা থাকলেও ফিশারি ঘাটে মৎস্য বাজার সরানোর কোনো পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের নেই।