চট্টগ্রাম নগরের পাথরঘাটার ইকবাল সড়কের ফিশারিঘাটে গতকাল শুক্রবার মাছের পাইকারি বাজার বসেনি। কিছু ব্যবসায়ী ফিশারিঘাটের অদূরে রাস্তার ওপর, আবার কেউ বাকলিয়ার চরচাক্তাই এলাকার বাজারে মাছ কেনাবেচা করেছেন।
বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চেয়ারম্যান এ এফ মাশুক নাজিমের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ২২ জুন ফিশারিঘাটে মাছ ব্যবসা বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিলেন। গত বৃহস্পতিবার আদালতের আদেশের কপি হাতে পেলে কোতোয়ালি থানা-পুলিশ সেখানে নোটিশ দিয়ে মাছের বাজার না বসাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখিয়ে কোনো ব্যবসায়ী ফিশারিঘাটে মাছের বাজার বসাননি। সেখানে পুলিশ টহল ছিল।
ফিশারিঘাট নগরের মাছের বড় ও পুরোনো পাইকারি বাজার। এটি নিয়ন্ত্রণ করে পাথরঘাটা সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি। জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক গতকাল প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের প্রতি সম্মান দেখাতে হবে। এ কারণে মূল ফিশারিঘাটে মাছের বাজার বসানো হয়নি। কিছু ব্যবসায়ী ফিশারিঘাটের অদূরে রাস্তার ওপর সাময়িক বাজার বসিয়ে মাছ বিক্রি করেছেন। তবে সাগর উত্তাল থাকায় এমনিতে মাছ সংগ্রহ কমে গেছে। তাই বাজার আগের মতো জমজমাট নেই।
গত ২২ ফেব্রুয়ারি পাথরঘাটার মাছের পাইকারি বাজার বাকলিয়ার চরচাক্তাই এলাকায় সরিয়ে নেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ কারণে ইকবাল সড়কের ফিশারিঘাটের মাছ ব্যবসায়ীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ১৫ মার্চ নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সমাবেশ করে সেখানে আবার মাছের ব্যবসা চালুর ঘোষণা দেন। পরদিন ১৬ মার্চ ভোর থেকে আবার সেখানে মাছের পাইকারি ব্যবসা শুরু হয়।