ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি না দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিন ফিশারিজ ক্যাডেটদের বাণিজ্যিক জাহাজে চাকরির জন্য সিডিসি (ধারাবাহিক নিষ্কৃতি সনদ) না দেওয়ার দাবি জানিয়েছেন মেরিন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেরিন একাডেমির পঞ্চম ব্যাচের ক্যাডেট আশরাফ ইবনে নুর। এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আশরাফ ইবনে নুর বলেন, বাণিজ্যিক জাহাজে চাকরির জন্য মেরিন একাডেমিগুলোর ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হয়। মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের মাছ ধরার জাহাজে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আন্তর্জাতিক নৌ সংস্থার কনভেনশনের আওতায় পৃথকভাবে দুই ধরনের ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সিডিসি দেওয়া হলে বাংলাদেশি নাবিকদের বিদেশি বাণিজ্যিক জাহাজে যোগদানের সুযোগ বন্ধ হয়ে যাবে।
মেরিন একাডেমির ক্যাডেটদের দাবির বিষয়ে জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি কমিটি মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু কমিটির প্রতিবেদন পর্যালোচনায় সিডিসি না দিতে বলা হয়। পরস্পরবিরোধী মত আসায় বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে আরেকটি কমিটি করা হচ্ছে। যেহেতু দুই একাডেমির ক্যাডেটদের সিলেবাস আলাদা, সে জন্য আইনগতভাবে সরাসরি ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়ার যুক্তি নেই বলে আমরা জানিয়েছি মন্ত্রণালয়কে।’
গতকাল সংবাদ সম্মেলনে আশরাফ ইবনে নুর বলেন, বর্তমানে ১ হাজার ৭০০ ক্যাডেট ও কর্মকর্তা বেকার রয়েছেন। বেকার নাবিকদের সংখ্যা আড়াই হাজার। বাংলাদেশি নাবিকেরা দুবাই, সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ভিসা না পাওয়ায় বিদেশি কোম্পানিতে যোগদানের সুযোগ পাচ্ছেন না। ভিসা সমস্যা সমাধান করতে পারলে নাবিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো।
সংবাদ সম্মেলন শেষে মেরিন একাডেমির প্রাক্তন ক্যাডেটরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।