ফিস্টুলা রোধে বাল্যবিবাহ বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাল্যবিবাহ রোধে আরও কঠোর হতে হবে। আজ সোমবার ন্যাশনাল ফিস্টুলা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে দেশে বাল্যবিবাহ বন্ধে আমাদের আরও কঠোর হতে হবে। বাল্যবিবাহ গর্ভবতী নারীর ফিস্টুলা রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। তাই গ্রাম ও শহরের গরিব জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ বন্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।’
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০১৫ সালে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৩-এ নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা আছে, তা পূরণ করা সম্ভব হবে। ন্যাশনাল ফিস্টুলা সেন্টার চালুর মধ্য দিয়ে বাংলাদেশ মাতৃ স্বাস্থ্যসেবায় আরও এক ধাপ এগিয়ে গেল।
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ বিমলাংশু দে, জাতীয় অধ্যাপক শাহলা খাতুন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিকিত্সকদের মতে, প্রসব ব্যথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বা বিলম্বিত প্রসবের সময় সন্তানের মাথা জরায়ুর মুখে আটকে থাকার ফলে মূত্রথলি ও পায়ুপথ চাপের মধ্যে থাকে। চাপে থাকার ফলে এসব জায়গায় রক্ত চলাচলে সমস্যা হয় এবং পচন ধরে। কয়েক দিনের মধ্যে সেখানে ছিদ্র তৈরি হয়। মূত্রথলি ও যোনিপথের মধ্যে অস্বাভাবিক সংযোগ হলে তাকে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা (ভিভিএফ) এবং পায়ুপথ ও যোনিপথের মধ্যে সংযোগ হলে তাকে রেকটোভ্যাজাইনাল ফিস্টুলা (আরভিএফ) বলা হয়।
এ বছরই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালিত হয়েছে। বাংলাদেশেও গত ২৫ মে দিবসটি পালিত হয়। যেসব দেশে বাড়িতে অদক্ষ হাতে সন্তান প্রসবের হার বেশি, সেসব দেশে ফিস্টুলায় ভোগা নারীর হারও বেশি। বাংলাদেশে এখনো ৬৭ শতাংশ নারী অদক্ষ হাতে বাড়িতে সন্তান জন্ম দিয়ে থাকেন।