ফুঁসে উঠেছেন বিল খুকশিয়ার কৃষকেরা, হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের সর্ববৃহৎ বিল খুকশিয়ার জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও কৃষকেরা তাঁদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। ওই প্রকল্প বাস্তবায়নে ভুক্তভোগী কৃষকদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা তা পেতে তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রকল্পের আওতায় ওই বিলের সঙ্গে নদীর সংযোগ স্থাপনে তৈরি দুটি কাটিং পয়েন্ট ১০ মার্চের মধ্যে বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শ্রী নদী নাব্যতা হারানোয় এখান থেকে বিলটি নিচু থাকার কারণে সেখানে জলাবদ্ধতায় ৬০০ হেক্টর জমি চাষাবাদ করা যেত না। জলাবদ্ধতা নিরসনে ২০০৬ সালের ২৭ এপ্রিল তিন বছরের জন্য পাউবো ওই বিলে টিআরএম (টইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জলাধার প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় দুটি স্থানে কেটে (কাটিং পয়েন্ট) শ্রী নদীর সঙ্গে বিলের সংযোগ স্থাপন করা হয়। নদীর পলিতে বিলের নিচু জমি উঁচু করাই ছিল প্রকল্পের লক্ষ্য। প্রকল্প চলাকালীন কৃষকদের পাউবো ক্ষতিপূরণ দেবে বলে ঠিক করে।বিল খুকশিয়ার জমির মালিকদের মধ্যে কালীচরণপুর, ময়নাপুর, শানতলা, কিসমত শানতলা, মান্দ্রা, আড়ুয়া, গিরিধরনগর কানাইডাঙ্গা, কাকবাধাল ও ডহুরি গ্রামের মানুষেরা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও ফসল করতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন। আড়ুয়া গ্রামের কৃষক আবদুল আজিজ বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে আমরা নাজেহাল হচ্ছি।’ শানতলা গ্রামের কৃষক খলিলুর রহমান বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে টাকা তুলতে গেলে যশোর জেলা প্রশাসনের ভূমি হুকুমদখল দপ্তর থেকে পুনরায় নামজারি করতে হবে বলে ফিরিয়ে দেওয়া হয়।’ আড়ুয়া গ্রামের আবদুল কাদের মোড়ল বলেন, ‘একরপ্রতি ১২ হাজার ৮৩৭ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।’ একই গ্রামের সুফল বিশ্বাস বলেন, ‘জমির নামজারি করাতে স্থানীয় ভূমি কার্যালয়ে এক থেকে দেড় হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে।’ এই প্রকল্প চালু হওয়ার ফলে বিলের জমি উঁচু হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সফলতা আসেনি বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান।গত রোববার বিকেলে কাটাখালী বাজারে কৃষক সমাবেশ হয়। সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবদুস সামাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, দ্বীন মোহাম্মদ গাজী, ভক্ত মণ্ডল, ইউনুস গাজী, বাশার আকুঞ্জি, ওহাব পাড় শাহাদত হোসেন প্রমুখ। সভায় ঘোষণা দেওয়া হয়, ১০ মার্চের মধ্যে সরকারি উদ্যোগে কাটিং পয়েন্ট বন্ধ করে দেওয়া না হলে ১২ মার্চ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে তা বন্ধ করে দেবেন। পাউবো কেশবপুরের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব জানান, আরেকটি বিলে টিআরএম চালু না করে বিল খুকশিয়ার কাটিং পয়েন্ট বন্ধ করা যাবে না। কারণ এতে পুনরায় বিল খুকশিয়ায় জলাবদ্ধতা দেখা দেবে এবং পলি জমে নদীটিও নাব্যতা হারাবে। ইতিমধ্যে মনিরামপুরের একটি বিলে টিআরএম প্রকল্প পাস হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানা বলেন, জমির নামজারি করতে ঘুষ নেওয়ার অভিযোগ কেউ করেননি। কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, জমির কাগজপত্র সঠিক না হলে জমির প্রকৃত মালিক টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। নামজারি, অঙ্গীকারনামার কাগজ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি—এসব কাগজপত্র পেলেই ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হচ্ছে। জমির প্রকৃত কোনো মালিক ক্ষতিপূরণের টাকা পেতে তাঁর কার্যালয়ে এসে হয়রানির শিকার হচ্ছেন না বলে তিনি দাবি করেন।