ফুকুওকা শহরকে সামাজিক ব্যবসার নগর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুওকা শহরকে সামাজিক ব্যবসার নগর (সোশ্যাল বিজনেস সিটি) ঘোষণা করা হয়েছে। ২১ থেকে ২৩ জুলাই ফুকুওকা শহরে অনুষ্ঠিত ‘আসিয়ান ফোরাম ফর সোশ্যাল বিজনেস’ এর সমাপনী দিনে সেখানকার সদ্য নির্বাচিত মেয়র সোইচিরো তাকাশিমা এ ঘোষণা দেন। মেয়র তাকাশিমা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও কিয়োশু বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হিরোতো ইয়াসুরার যৌথ স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। গত বছর ফুকুওকা শহরকে সামাজিক ব্যবসার নগর হিসেবে ঘোষণা করা হলেও ফোরামের সমাপনী দিনে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই দিনে কিয়োশু বিশ্ববিদ্যালয় ‘ইউনূস শিকি সেন্টার ফর রিসার্চ অন সোশ্যাল বিজনেস’ নামের নতুন একটি একাডেমিক সেন্টার গঠনের ঘোষণা দেয়। ফুকুওকা শহরের শীর্ষ ব্যবসায়ী শিকির অর্থায়নে ওই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হচ্ছে। ফোরামে অংশ নেওয়া এক হাজার ২৫০ জন ব্যক্তির উপস্থিতিতে এ স্বাক্ষর অনুষ্ঠান হয়। এর আগে গত ২১ জুলাই মেয়র সোইচিরো তাকাশিমো ফোরামের উদ্বোধন করেন। সে অনুষ্ঠানে জাপানের বহু প্রভাবশালী ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনূস। ইউএনআইকিউএলওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাদাশি ইয়ানি ছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য দেন কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ইউকিগুনি মাইতাকে কোম্পানির প্রধান নির্বাহী, ডানোন ও ভিয়োলিয়া কোম্পানির পরিচালকেরা। তিন দিনের ফোরামে আলোচকেরা সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের তোহোকু এলাকার পুনর্বাসনে নিয়োজিত সামাজিক ব্যবসার তহবিল গঠনে নিজ নিজ পরিকল্পনা ও চিন্তাভাবনার কথা ব্যক্ত করেন। ফুকুওকা শহরে অবস্থানকালে ড. ইউনূস কিয়োশু বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মিত ‘গ্রামীণ হাউস’ নামের একটি দ্বিতল ভবন উদ্বোধন করেন। ওই ভবনে সামাজিক ব্যবসাসংক্রান্ত গবেষণা ও পাঠদানের ব্যবস্থা থাকছে। এ ছাড়া ড. ইউনূস ফুকুওকার ১০০ নারীনেত্রীর উপস্থিতিতে একটি সভায় বক্তব্য দেন। অন্যদিকে, তিনি ৬০ জন তরুণ শান্তিদূত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১১ বছর বয়সী ৪০০ জুনিয়র শান্তিদূতের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক এশিয়া প্যাসিফিক চিলড্রেনস কনভেনশনেও বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।