ফুকেট উপকূলের কাছে ভাসছে চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ফুকেট উপকূলের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোহ রক দ্বীপের কাছে আন্দামান সাগরে লাইফ জ্যাকেট পরা অবস্থায় গতকাল সোমবার বিকেলে চারজনকে ভাসতে দেখা গেছে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। ফুকেট গ্যাজেট গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ খবর দিয়েছে। তবে এই চারজন দুর্ঘটনাকবলিত এমভি হোপ জাহাজের নাবিক কি না, তা নিশ্চিত করা যায়নি। থাইল্যান্ডের নেভাল সিভিল অ্যাফেয়ার্সের পরিচালক ক্যাপ্টেন থামাওয়াত মালাইসুকারিন ফুকেট নিউজকে জানায়, ‘গত সোমবার অনুসন্ধান কার্যক্রম সমাপ্তি ঘোষণার পর একটি মাছ ধরার নৌকা থেকে চারজন ভেসে থাকার খবর জানতে পেরেছি।’তবে থাইল্যান্ডের নৌবাহিনী বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে অবহিত করলেও তারা ভাসমান চারজনকে উদ্ধারের জন্য কোনো জাহাজ বা এয়ারক্রাফট পাঠাবে না বলে ফুকেট গ্যাজেট জানিয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে ফুকেট উপকূলের কাছে আন্দামান সাগরে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ। জাহাজের নয়জনকে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারের নাতি তনয় কর্মকার প্রথম আলোকে বলেন, ‘এমন খবর জানার পর দাদার (ক্যাপ্টেন রাজীব) পরিবারে উৎকণ্ঠা বেড়ে গেছে।’ এমভি হোপের মালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের বলেন, ‘বিষয়টি খোঁজ নিচ্ছি।’