ফুটওভারব্রিজের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটওভারব্রিজের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় সানারপাড় রওশন আরা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করে।বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে বক্তারা বলেন, ওই মহাসড়কের সানারপাড় ও মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীরা প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। গত ২৭ মার্চ ওই কলেজের প্রভাষক বিল্লাল হোসেন সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।বক্তারা আরও বলেন, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। তখন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের দাবির পরিপ্রেক্ষিতে অল্প কিছুদিনের মধ্যেই ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর দুই বছর পেরিয়ে গেলেও আজও তা নির্মিত হয়নি।