ফুটন্ত পানিতে ঝলসে দেওয়া হয়েছে ডিশ ব্যবসায়ীর শরীর
রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসায় আটকে রেখে ডিশ সংযোগ ব্যবসায়ী খাজা আ. রাসেল (২৫) নামের এক ব্যক্তির শরীর ফুটন্ত পানিতে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।ডিশ ব্যবসায়ীকে ঝলসে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে শাহেদ আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পাবনার বনগ্রামের ডিশ সংযোগ ব্যবসায়ী রাসেল গতকাল ঢাকায় আসেন। সন্ধ্যায় তিনি তাঁর আত্মীয়র বাসাবোর একটি রেস্তোরাঁয় বসেন। এ সময় তাঁর পূর্বপরিচিত শাহেদ তাঁকে ডেকে মোটরসাইকেলে উঠিয়ে কুসুমবাগ এলাকার একটি কক্ষে আটকে রাখেন। একপর্যায়ে শাহেদ ও তাঁর সহযোগীরা হাতুড়ি দিয়ে আঘাত করে দিয়ে একটি স্ট্যাম্পে রাসেলের সই নেন। সুযোগ বুঝে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহেদ ফুটন্ত পানি ছুড়ে মারেন রাসেলের ওপর। এতে তাঁর মাথার পেছন থেকে কোমর পর্যন্ত ঝলসে গিয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন। পরে রাসেলের মোবাইল ফোনে আত্মীয়দের জানালে তাঁরা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।