ফুটপাত, হাঁটা পথ প্রায় সবই দখলে
শহরে সড়কের দুই পাশে পথচারীদের হাঁটার জন্য বাঁধানো যে অংশ নির্দিষ্ট থাকে, আভিধানিক অর্থে তা-ই ফুটপাত। তবে পথচারীদের জন্য এমন ফুটপাত গাজীপুরের টঙ্গী পৌরসভা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কে নেই বললেই চলে। সড়কের পাশে হাঁটার জন্য বেশির ভাগ স্থানে যে অংশ আছে, তা বাঁধানো নয়। এসব স্থান এবং সামান্য যে ফুটপাত আছে, তাও চলে গেছে দখলে। ফলে পথচারীদের বাধ্য হয়েই হাঁটতে হয় সড়কের ওপর দিয়ে। এ কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা।গত রোববার দেখা যায়, তুরাগ নদের ওপর টঙ্গী সেতুর পশ্চিম পাশের ফুটপাতে বিক্রি হচ্ছে সবজি ও মসলা। টঙ্গী ফুটওভারব্রিজের দুই পাশেও পসরা সাজিয়ে বসেছে হকাররা। আশরাফ টেক্সটাইল মিলের উল্টো দিকের দোকানগুলো সড়কের পাশে রেখেছে বিভিন্ন নির্মাণসামগ্রী। টঙ্গী সেতু থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের ফুটপাতসহ সড়কে রয়েছে নির্মাণসামগ্রী, কাঠ, আসবাব ও রিকশাভ্যান। ঢাকা-ময়মনসিংহ, টঙ্গী-কালীগঞ্জ-ভৈরব সড়কসহ বিভিন্ন সড়ক ও ফুটপাতে রয়েছে ফল, সবজি, চা-সিগারেট ও জামাকাপড়ের অস্থায়ী দোকান।আনারকলি প্রেক্ষাগৃহের বিপরীতে সড়কের অর্ধেকের বেশি অংশজুড়ে ছিল পণ্যবাহী পিকআপ। মিল গেটের (বাসস্ট্যান্ড) সামনে থেকে চেরাগ আলীর কাদেরিয়া টেক্সটাইল মিল পর্যন্ত সড়কে ছিল অর্ধশতাধিক ট্রাক। স্টেশন রোডের বেশির ভাগ অংশজুড়ে রয়েছে টেম্পোস্ট্যান্ড। টঙ্গী পৌরসভার ফটকের সামনের ফুটপাতও দখলমুক্ত নয়।টঙ্গী বাজার ও স্টেশন রোড ফুটওভারব্রিজের দুই পাশে এবং চেরাগ আলী বাসস্ট্যান্ডের অদূরে আভিধানিক অর্থের অল্প ফুটপাত দেখা গেছে। সেগুলোও ছিল হকারদের দখলে। টঙ্গী বাজার ও স্টেশন রোড বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজেও বসে হকাররা। সওজের টঙ্গী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা জানান, ঢাকা-ময়মনসিংহ সড়কের টঙ্গী অংশে ফুটপাত ও নর্দমা নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমত উল্লাহ খান বলেন, ‘টঙ্গী বাজার থেকে গাজীপুরা পর্যন্ত ফুটপাত নির্মাণের জন্য যোগাযোগমন্ত্রীকে চিঠি দিয়েছি। তিনি এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’