ফুটপাত ও নালা দখল করে ভবন তুলছেন কাউন্সিলর
নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে নগরের একটি নালা ও ফুটপাত দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ জন্য সিটি করপোরেশনের কোনো অনুমোদন নেননি তিনি। তবে কাউন্সিলরের দাবি, ভবনটি তিনি ওয়ার্ড কার্যালয় বানাবেন।সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বিল্লাল গত ৫ জানুয়ারি নির্বাচিত হয়ে ২ ফেব্রুয়ারি শপথ নেন। এর এক মাসের মধ্যেই নগরের ছোটরা সরকারি কলোনি ও জেলখানাসংলগ্ন ফুটপাত-নালার (ড্রেন) ওপর ভবন নির্মাণের কাজ শুরু করেন।থানা পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্রের ব্যবহার, সন্ত্রাসী কার্যকলাপ ও টেন্ডারবাজির অভিযোগসহ দ্রুত বিচার আইনে তিনটি মামলা রয়েছে।অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর মো. বিল্লাল বলেন, ‘সিটি করপোরেশন থেকে অনুমোদন না নিয়েই ভবনের কাজ শুরু করি। জনগণকে সেবা দেওয়ার জন্য নিজের টাকা খরচ করে ভবনটি করছি। পরে সিটি করপোরেশন থেকে টাকা নিয়ে নেব।’ নালার ওপর ভবন হলেও কোনো সমস্যা হবে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ‘খালি জায়গা ছিল, তাই কার্যালয় বানাচ্ছি।’কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, ‘নালা ও ফুটপাত দখল করে কোনোভাবেই ভবন নির্মাণ করা যাবে না। সিটি করপোরেশনের অনুমোদন না নিয়েই ভবনটি হচ্ছে।’স্থানীয় বাসিন্দা নূরুল হক, পাপন মিয়া ও আলী হোসেন জানান, বর্ষা মৌসুম বা একটু বৃষ্টি হলেই ছোটরা এলাকার এই নালাটি পানি ও ময়লা-আবর্জনায় ভরে যায়। তখন নালার পানি উপচে সড়কের মধ্যে জমে থাকে। এ অবস্থায় নালার ওপর ওয়ার্ড কার্যালয় হলে এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে।১৭ মার্চ দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের ২ নম্বর ওয়ার্ডের ছোটরা সরকারি কলোনির সীমানাপ্রাচীর লাগোয়া নালার ওপর ভবনের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে দুটি কক্ষের দেয়াল তোলা হয়ে গেছে। নালার উত্তর পাশে সড়কের অধিকাংশ জায়গা দখল করে ভবন করায় সড়কটি সরু হয়ে গেছে। পাঁচজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। এঁদের একজন জনি মিয়া। তিনি জানান, ১ মার্চ থেকে কাউন্সিলর বিল্লাল তাঁদের ওই কাজের জন্য নিযুক্ত করেছেন। এখানে নতুন সিটি করপোরেশনের ওয়ার্ডের আধা পাকা ভবন হবে। সপ্তাহ খানেকের মধ্যে কাজ শেষ হবে।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।’ জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘অনুমোদনহীনভাবে নালার ওপর কোনোভাবেই ওয়ার্ড কার্যালয় হতে পারে না। আমরা নিজেরাই যদি আইন ভঙ্গ করি, তাহলে জনগণ কী করবে!’